দুদক আইনের দুটি ধারার বিষয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের দুটি ধারার বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।সম্পদের তথ্য গোপন ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাজাসংক্রান্ত আইনের ২৬(২) ও ২৭(১) ধারা দুটি কেন বেআইনি ও সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে।গতকাল সোমবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে সরকার ও দুদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।দুদক আইনের ২৬(২) ধারায় সম্পদের বিষয়ে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ার কারণে তিন বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের কথা বলা আছে; আর ২৭(১) ধারায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তির দখল বিষয়ে বলা হয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদে কারাদণ্ড, অর্থদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান আছে।আদালত সূত্রে জানা গেছে, বগুড়ার সরকারদলীয় সাংসদ আবদুল মান্নান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ৪ জুলাই রমনা মডেল থানায় পৃথক মামলা করে দুদক। ২৬(২) ও ২৭(১) ধারায় করা এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ২৫ আগস্ট হাইকোর্টে পৃথক রিট আবেদন করা হয়।গতকাল রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। আদালতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী এস এম জহিরুল ইসলাম ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রুলে তাঁদের বিরুদ্ধে দুদকের করা মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।এ ব্যাপারে আইনজীবী এস এম জহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, আয়কর অধ্যাদেশের ১২৮ ধারা অনুযায়ী কেউ সম্পদের তথ্য গোপন করলে ১০ শতাংশ জরিমানা দিয়ে ওই সম্পদ কর-তালিকাভুক্ত করতে পারেন, কিন্তু আবদুল মান্নান ও তাঁর স্ত্রীকে এ ক্ষেত্রে কোনো সুযোগ না দিয়ে মামলা করা হয়। এটা স্বেচ্ছাচারী ও অসাংবিধানিক। আদালত দুদকের ২৬(২) ও ২৭(১) ধারা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এসব ধারায় করা মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।