দুদক আইনের দুটি ধারার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনের দুটি ধারার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। সম্পদের তথ্য গোপন ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাজাসংক্রান্ত আইনের ২৬(২) ও ২৭(১) ধারা দুটি কেন বেআইনি ও সংবিধান-পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে এ রুল জারি করা হয়।গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের এ বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুলটি জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকার, দুদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এর জবাব দিতে বলা হয়েছে।দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী সম্পদের বিষয়ে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তিন বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আর ২৭(১) ধারায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তির দখল বিষয়ে বলা হয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন তিন বছরের কারাদণ্ড, অর্থদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সম্পদের তথ্য গোপন ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী ফেরদৌস আরা বেগম ও ছেলে মনজুর মোর্শেদের বিরুদ্ধে গত ৪ মে পল্টন থানায় মামলা করে দুদক। ২৭(১) ও দণ্ডবিধির ১০৯ ধারায় করা ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দেলোয়ার হোসেন গত বুধবার হাইকোর্টে রিট আবেদনটি করেন।