দুদক আইনের প্রস্তাবিত সংশোধনী ক্ষমতা খর্ব করবে: টিআইবি
দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে প্রস্তাবিত সংশোধনীর ফলে দুদকের ক্ষমতা খর্ব হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংশোধনীর আগে দুদকসহ অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান। তিনি বলেন, গত বছরের নভেম্বরে দুদক আইনের সংশোধনীতে দুর্নীতির অপরাধের তফসিল পরিবর্তিত হওয়ায় মানি লন্ডারিংয়ের সঙ্গে প্রতারণা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলা পরিচালনা ও তদন্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দুদকের ওপর একদিকে অতিরিক্ত অপ্রয়োজনীয় বোঝা অর্পিত হয়েছে, অন্যদিকে মানুষ অপরাধের প্রতিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই যুক্তিতে বা অন্য যে কারণেই হোক, পুলিশের হাতে অর্থ পাচার ও দুর্নীতির তদন্তের এখতিয়ার দেওয়া হলে দুদকের মূল দায়িত্বে পুলিশের ‘অনুপ্রবেশ’ ঘটবে। এর মাধ্যমে স্বার্থের দ্বন্দ্বসহ দুদকের কাজে জটিলতা বাড়বে, স্থবিরতা সৃষ্টি হবে; দুদক আরও অকার্যকরতার ঝুঁকির সম্মুখীন হবে—জনমনে এ ধরনের নানা উদ্বেগ সৃষ্টি করেছে।