দুদক আইনের সংশোধনী প্রস্তাব প্রত্যাহারের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিপরিষদে সম্প্রতি অনুমোদিত খসড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের অধিকাংশ সংশোধনী কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা নষ্ট করবে।গতকাল মঙ্গলবার এক গোলটেবিল বৈঠকে বক্তারা আরও বলেছেন, দুদক আইনের সাম্প্রতিক সংশোধনী প্রস্তাব কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার পথে ‘অপ্রতিরোধ্য অন্তরায়’ হয়ে দাঁড়াবে, যা সরকারের নির্বাচনী অঙ্গীকার পালনে ব্যর্থতার প্রমাণ দেবে।গতকাল রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, বর্তমানে দুদক আইন সংশোধনীতে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে যে শর্ত রাখা হয়েছে, তা ২০০৪-এর খসড়ায় ছিল না। তিনি আশা করেন, বর্তমান প্রধানমন্ত্রী এমন কোনো আইনের চূড়ান্ত অনুমোদন দেবেন না, যা দুদককে অকার্যকর করবে।বৈঠকে ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’-এর সংশোধনী প্রস্তাবনা বস্তুনিষ্ঠভাবে এবং জনমত যাচাই করে পুনর্বিবেচনার দাবিতে টিআইবির ১৮ দফা সুপারিশ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৈঠকে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান।বৈঠকে যেসব সংশোধনীর বিষয়ে আপত্তি জানানো হয় সেগুলো হলো: প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে সরকারের পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা (যা সংবিধানের ২৭ অনুচ্ছেদের, ‘আইনের চোখে সকলেই সমান’ পরিপন্থী)। দুদকের সব কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকা, সরকার কর্তৃক কমিশনের সচিব নিয়োগ দেওয়া, নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে না পারলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ইত্যাদি। আবার দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ডের প্রস্তাবিত বিধান পুনর্বিবেচনার দাবি জানানো হয়। এ ছাড়া কমিশনের ক্ষমতা চর্চা ও দায়িত্ব পালনের ক্ষেত্রে দুদক আইন, ২০০৪-এর ৩৬ নম্বর অনুচ্ছেদ বাতিল, কমিশনের নিজস্ব সাংগঠনিক কাঠামো নির্ধারণ, সকল পর্যায়ের কর্মী নিয়োগ এবং বাজেট প্রণয়ন ও ব্যয়ের পূর্ণ ক্ষমতা কমিশনকে দেওয়ার সুপারিশ করা হয়।আলোচনায় অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, সরকার দুদক আইনের যে সংশোধনী করতে চাইছে, সে আইনের খসড়া লুকিয়ে রাখার কোনো কারণ নেই। জনমত যাচাই করে ভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে। কারও বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে কি হয়নি, তা আদালত নির্ধারণ করবেন। অধ্যাপক আসিফ নজরুল দুদকের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দুদকের স্বাধীনতা নষ্ট হয়ে গেলে তিনি যেন প্রতিবাদস্বরূপ পদত্যাগ করেন। তিনি নাগরিক উপদেষ্টা কমিটি তৈরির সুপারিশ করেন, যা দুদককে শক্তিশালী করবে। ‘সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে অনুমতির’ বিষয়ে ড. শাহ্দীন মালিক বলেন, বিশেষ ধরনের ব্যক্তিকে সুবিধা দিয়ে এ আইন এখন করা হলেও তা সাংবিধানিকভাবে টিকবে না।