দুদক আইনের ১২(২) ধারা বাতিলের রায় স্থগিত হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে সংস্থাটির কমিশনারদের জবাবদিহির বাধ্যবাধকতা-সংক্রান্ত দুদক আইনের ১২(২) ধারা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, আপিল বিভাগ তা স্থগিত করেননি।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুদক চেয়ারম্যানের আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার এ বিষয়ে কোনো আদেশ দেননি (নো অর্ডার)। এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকল।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর তাঁরা আপিলের আবেদন (লিভ টু আপিল) করবেন।