দুদক আইনের ৩২(ক) ধারা প্রশ্নে রুল
দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধনীতে আনা ৩২(ক) ধারা কেন সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ওই ধারায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমতির বিষয়ে বলা আছে।
গতকাল সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন। স্পিকার, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, আইনসচিব ও সংসদ সচিবালয়ের সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
১০ নভেম্বর সংসদে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন বিল ২০১৩ পাস হয়। ২০ নভেম্বর আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়। এতে নতুন করে ৩২(ক) ধারা যুক্ত করে বলা হয়েছে, ৩২(ক)-এর বিধান সাপেক্ষে এই আইনের অধীনে জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা আবশ্যিকভাবে পালন করতে হবে। ফলে সরকারের অনুমোদন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী, জজ ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুদক কোনো মামলা করতে পারবে না।
আইনের ৩২(ক) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে চার আইনজীবী রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।