দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক এম এম সাব্বির হাসানের এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। গ্রেপ্তারের প্রায় সাত মাস পর তদন্ত কর্মকর্তা গতকাল বুধবার তাঁর রিমান্ড চাইলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. জসিমউদ্দিন তা মঞ্জুর করেন। চট্টগ্রামের পোশাক তৈরি প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপের এক কর্মকর্তার কাছ থেকে ঘুষ হিসেবে ১০ লাখ টাকা নেওয়ার সময় র্যাব তাঁকে গত ২৩ জানুয়ারি দুদকের আগ্রাবাদ কার্যালয় থেকে হাতেনাতে গ্রেপ্তার করে। এর আগে ঘুষের টাকা লেনদেনের দৃশ্য ভিডিওতে ধারণ করে রাখেন ফোর এইচ গ্রুপের ওই কর্মকর্তা।প্রায় সাত মাস পর তদন্ত কর্মকর্তা সাব্বিরকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। গতকাল শুনানির পর মহানগর হাকিম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদীর কৌঁসুলি ইব্রাহিম হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, সাব্বির ক্ষমতার অপব্যবহার করে ভীতি প্রদর্শনের মাধ্যমে ফোর এইচ গ্রুপের কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন। এতে ফোর এইচ গ্রুপ আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য চায়। পরে র্যাব কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন।বাদীর আরেক কৌঁসুলি হোসেন আল আসকারী প্রথম আলোকে বলেন, র্যাব-১০-এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মো. তাহিদুল ইসলাম মামলাটি তদন্ত করছেন। তিনি ঘুষের টাকা লেনদেনের সময় ব্যবহূত গোপন ক্যামেরাসহ সব সরঞ্জাম, দুটি সিডি ও বাদীর ব্যবহূত শার্ট জব্দ করেন।