দুদক ও আইকাক কাজ করতে চায় একসঙ্গে

দুর্নীতি প্রতিরোধে হংকংয়ের ইন্ডিপেনডেন্ট কমিশন অ্যাগেইনস্ট করাপশন (আইকাক) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে কাজ করতে চায়। সহযোগিতা ক্ষেত্র চিহ্নিত করে উত্তম চর্চার বিকাশ, তথ্য বিনিময়, প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে দুদককে সহায়তা করতে চায় হংকংয়ের দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় সংস্থাটি।
আজ মঙ্গলবার দুদক কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় আইকাকের নির্বাহী পরিচালক ফ্রান্সিস শ্যাম দুদকের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান। কী কী ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন, তা দুদক চেয়ারম্যানের কাছে জানতে চান আইকাক নির্বাহী পরিচালক।
ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতিবাজেরা ক্রমাগতই তাদের অপরাধের কৌশল, প্রকৃতি ও ধরন পরিবর্তন করছে। দুর্নীতির তীব্রতা বৈশ্বিক প্রেক্ষাপটেও দ্রুত কমছে না। বরং কোনো কোনো ক্ষেত্রে এর তীব্রতা বাড়ছে। এ ক্ষেত্র দুদক কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন। নতুন নতুন টেকনিক ও টুলসের প্রয়োজন। তিনি এ ক্ষেত্রে আইকাকের মতো প্রতিষ্ঠানের দক্ষ ও পেশাদার প্রশিক্ষকদের মাধ্যমে দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণে দুদককে সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।