দুদক কর্মকর্তাকে 'হাওয়া' করে দেওয়ার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের বিরুদ্ধে প্রতিবেদন দিলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংশ্লিষ্ট উপপরিচালককে ‘হাওয়া’ করে দেওয়ার হুমকি দিয়েছেন সাংসদের প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। এই অভিযোগে এনা প্রপার্টিজের কর্মকর্তা কাঞ্চন দাসের বিরুদ্ধে গতকাল বুধবার বিকেলে রমনা থানায় সাধারণ ডায়েরি (ডিজি) করেছেন দুদকের উপপরিচালক যতন কুমার সরকার। সরকারি দলের সাংসদ এনামুলের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছেন যতন কুমার সরকার। তিনি জানান, তাঁকে গতকাল সকালে ফোন করে হুমকি দেন কাঞ্চন দাস। এর আগে গত সোমবার দুদক কার্যালয়ে গিয়ে বক্তব্য দিয়ে এসেছেন এনামুল হক।
যতন কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘আমি সাংসদ এনামুল হকের বিষয়ে রিপোর্টটা তৈরি করছি। সকাল ১০টার দিকে তাঁর লোক ফোন করে বলেন, এনামুল হকের কোম্পানিগুলোর অ্যাসেট তাঁর অ্যাসেটের সঙ্গে মেলানো যাবে না। রিপোর্টে কেসের সুপারিশ করা যাবে না। রাষ্ট্রের, সরকারের এবং কমিশনের সবাই এনামুল সাহেবের পক্ষে আছেন। আমি যদি তাঁর পক্ষে রিপোর্টটা দিয়ে দিই তাহলে ভালো। এনামুল সাহেবের নির্দেশ, ওনার বিরুদ্ধে রিপোর্ট সাবমিট করা যাবে না। করলে আমাকে হাওয়া করে দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় সাংসদ এনামুল হক প্রথম আলোকে বলেন, তাঁর মালিকানাধীন এনা প্রপার্টিজের হিসাবরক্ষক কাঞ্চন দাস। এর আগে যতন কুমার কয়েক দফায় কাঞ্চন দাসকে ডেকে নিয়ে কোম্পানির কাগজপত্র নিয়েছেন। সাংসদ বলেন, ‘কাঞ্চন খুবই ভদ্র ছেলে। সে কেন যতন কুমারকে হুমকি দেবে। আমার মনে হয় না এ রকম কোনো ঘটনা ঘটেছে। আমি এখন সংসদে আছি। আমি বিষয়টা জিজ্ঞাসা করে দেখব।’
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গতকাল বিকেল চারটার দিকে দুদকের উপপরিচালক যতন কুমার সরকার রমনা থানায় জিডি করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।