দুদক কর্মকর্তাদের ওপর হামলার তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে ঘুষের টাকাসহ এক কর্মচারীকে হাতেনাতে ধরতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। গতকাল সোমবার এ কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. সাফায়েত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে একজন অতিরিক্ত কমিশনারকে কমিটির প্রধান করার কথা জানানো হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিলেটের উপমহাপরিদর্শকের (ডিআইজি) একজন প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক, দুদকের একজন প্রতিনিধি এবং সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। চিঠিতে বলা হয়, কমিটি সবার বক্তব্য শুনে সাত কর্মদিবসের মধ্যে ঘটনা সম্পর্কে বিভাগীয় কমিশনারের কাছে প্রতিবেদন ও তাদের মতামত দেবে। পরে বিভাগীয় কমিশনার ওই প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেবেন।
সিলেটের ডিসি মো. জয়নাল আবেদীনের জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন মো. রাহাত আনোয়ার। রাহাত আনোয়ারকে ৭ ফেব্রুয়ারি সিলেটের ডিসি হিসেবে বদলির আদেশ দেওয়া হয়।
সিলেট ডিসি অফিসের যে কর্মচারীকে ঘুষ নেওয়ার অভিযোগে আটক করতে গিয়ে দুদকের দল হামলার শিকার হয়, সেই আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।