দুদক কর্মকর্তাদের ফোনে যোগাযোগ নিষিদ্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের ল্যান্ডফোন বা মুঠোফোনে অনুসন্ধান বিষয়ে সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করেছে কমিশন কর্তৃপক্ষ। বিশেষত, দুদকের অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তারা কোনোভাবেই টেলিযোগাযোগ করতে পারবেন না। সব ধরনের যোগাযোগ হবে লিখিতভাবে। গতকাল মঙ্গলবার বিকেলে দুদকের এক লিখিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয়। একই সঙ্গে কোনো কর্মকর্তা যদি দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বা তদন্ত বিষয়ে কোনো ব্যক্তির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন বা কথা বলেন, তবে তা সরাসরি কমিশনের নির্দিষ্ট নম্বরে (৯৩৫২৫৫২) জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘দুদকের কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন সময় হয়রানি করার কথা শোনা যায়। তাই জনগণকে ভোগান্তি থেকে বাঁচাতে এই নির্দেশ জারি করা হয়েছে।’ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে তিনি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সম্প্রতি টেলিফোন, বিশেষ করে মুঠোফোনে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার নামে একটি প্রতারক চক্রের সাধারণ মানুষের কাছ থেকে অর্থ দাবি ও আদায়ের বিষয়টি দুদকের নজরে এসেছে। তাই দুদকের প্রত্যেক তদন্ত কর্মকর্তার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে। যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়। তিনি আরও জানান, দুদকের কোনো মামলা থেকে সরাসরি অব্যাহতি পাওয়ার কোনো নিয়ম নেই। কিন্তু এই অব্যাহতি দিয়ে দেওয়ার নামে বিভিন্ন সময় মানুষকে প্রতারিত করা হচ্ছে। আর মুঠোফোন বা ল্যান্ডফোনে বিষয়টি আরও অসম্ভব। সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।ফোন ব্যবহার নিষিদ্ধ করা ছাড়াও দুদকে কোনো অভিযোগ একবার গৃহীত হলে তা অনুসন্ধানকারী কর্মকর্তাকে সরাসরি লিখিতভাবে জানানোরও নির্দেশ জারি করা হয়। আর যেকোনো ধরনের হয়রানির অভিযোগ কমিশনের পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন) মেজর আশীষ সরকারকে জানানোর নির্দেশও দেওয়া হয়।