দুদক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়রানিমূলক মামলা দিয়ে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকাকে হেনস্তা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি প্রমাণিত হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালত নির্দেশও দিয়েছেন।
এ বিষয়ে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান গতকাল বুধবার প্রথম আলোকে বলেছেন, ওই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ বিভাগ থেকে প্রেষণে দুদকে এসেছিলেন। তিনি নিজ বাহিনীতে ফেরত গেছেন। আদালতের আদেশ এখনো দুদক পায়নি। আদেশ পাওয়ার পর ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে বলা হবে।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২৫ বছর চাকরি করার পর ২০০৯ সালে অবসরে যান লালবাগের আবদুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মনোয়ারা বেগম। এর তিন বছর পর ২০১২ সালে সনদ জালিয়াতির অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, ভুয়া সনদে ২৫ বছর চাকরি করে তিনি রাষ্ট্রের ২১ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন। আর মামলা হওয়ার পর থেকেই মনোয়ারা বেগম পলাতক রয়েছেন বলে আদালতকে জানানো হয়। মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা হলেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক রেজাউল হাসান তরফদার। তিনি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার।
সম্প্রতি ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত মামলাটির রায় দেন। রায়ে বলা হয়, রেজাউল হাসান তরফদার সম্পূর্ণ হয়রানির উদ্দেশ্যে মামলাটি করেছেন এবং দুদক কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে মামলার অনুমোদন নেন। তিনি ভুয়া কাগজপত্র প্রস্তুত করে এবং মিথ্যা সাক্ষ্য দিয়ে মামলাটি প্রমাণের চেষ্টা করেছেন। কিন্তু আদালতে তা প্রমাণ করতে পারেননি। তাই সনদ জালিয়াতির মামলা থেকে মনোয়ারা বেগমকে খালাস দেওয়া হয়। একই সঙ্গে তদন্ত কর্মকর্তা রেজাউল হাসান তরফদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও দুদককে নির্দেশ দেন আদালত।