দুদক কর্মীদের ৪৭৬ শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কমিশন দায়িত্ব নেওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীদের ৪৭৬টি শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। কমিশন বলছে, কাজে গতি আনতে এ ব্যবস্থা।
তবে কর্মকর্তা-কর্মচারীদের অনেকে বলছেন, এত অল্প সময়ে বিপুলসংখ্যক শোকজের কারণে কর্মকর্তাদের মধ্যে একধরনের ভীতি তৈরি হয়েছে। পাশাপাশি কাজে কিছুটা হলেও স্থবিরতা দেখা দিয়েছে।
কমিশনের মোট জনবল ১ হাজার ৭৩ জন।
গত ১৪ মার্চ নতুন চেয়ারম্যান হিসেবে দুদকে যোগ দেন ইকবাল মাহমুদ। দায়িত্ব নেওয়ার পর চেয়ারম্যান দুদকের বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালেই বিভিন্ন অভিযোগে কর্মকর্তা-কর্মচারীদের শোকজ করার নির্দেশ দেন সচিবকে। প্রথম তিন দিনে ১০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তী সময়ে সচিব ও বিভিন্ন বিভাগের মহাপরিচালকেরা নিজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নানা অভিযোগে চিঠি দেন।
কমিশনের একাধিক সূত্র জানায়, গত ১৫ কার্যদিবসে অন্তত ৪৭৬টি শোকজ করা হয়েছে। সংস্থার অনিষ্পন্ন শাখা, অনু-তদন্ত-১, অনু-তদন্ত-২, বিশেষ অনু-তদন্ত-১, বিশেষ অনু-তদন্ত-২ শাখা, প্রশাসন ও অর্থ, প্রতিরোধ ও গবেষণা, আইন ও বিচারসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা এই তালিকায় রয়েছেন। এর মধ্যে অনেকে একাধিক নোটিশও পেয়েছেন।
সূত্র জানায়, দায়িত্বে অবহেলা, ঠিক সময়ে অফিসে হাজির না হওয়া, যথাসময়ে সভায় হাজির না হওয়া, টেবিলে ফাইল ফেলে রাখা, দরজা খুলে কোথাও চলে যাওয়া ইত্যাদি কারণে শোকজ করেন চেয়ারম্যান। এ ছাড়া নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করা, যথাযথ তথ্যসহ সংশোধিত প্রতিবেদন দাখিল না করা, ফাইল আটকে রাখা, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের হয়রানি করার কারণেও শোকজ করা হয়েছে।
জানতে চাইলে দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল গতকাল রোববার প্রথম আলোকে বলেন, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে তাগাদাপত্র দেওয়া হয়েছে। তিনি বলেন, এই শোকজের উদ্দেশ্য ভীতির সঞ্চার করা নয়; কাজে গতি আনা।
দুদকের দায়িত্বশীল কর্মকর্তারা মনে করছেন, এসব শোকজের পর দুদকে দৃশ্যমান কিছু পরিবর্তন এসেছে। কাজের গতি যেমন বেড়েছে, তেমনি কর্মকর্তাদের মধ্যে কাজের মাধ্যমে যোগ্যতা প্রমাণের প্রতিযোগিতাও তৈরি হয়েছে।