‘কারও কথার ভিত্তিতে কথা বলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজ নয়। দুদক কারও কাজে হস্তক্ষেপও করে না। সঠিক সময়ে সঠিক কাজটি করাই দুদকের কাজ। হস্তক্ষেপের বিষয়ে আমাকে জিজ্ঞেস করবেন না।’ রাজউকে দুদকের হস্তক্ষেপ সম্পর্কে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের বক্তব্যের জবাবে এ কথা বলেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
গতকাল বুধবার বিকেলে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দুদকের সাম্প্রতিক গ্রেপ্তার অভিযানের সমালোচনা করে গণপূর্তমন্ত্রী বলেন, ‘দুদক রাজউকে অভিযান চালাক কোনো অসুবিধা নেই, তবে ডিস্টার্ব করলে অসুবিধা আছে। আমি মনে করি নো বডি ইজ ট্রান্সপারেন্ট।’ তাঁর এ বক্তব্য প্রসঙ্গে নিজের অবস্থান জানতে চাইলে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘দুদক আইনের প্রস্তাবনায় দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিরোধ কার্যক্রমের আওতায় দেশব্যাপী আমরা দুর্নীতিবিরোধী একটি আওয়াজ তুলতে চাই। এ কাজে সহযোগিতার জন্য গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্মারক করছি। অন্যদের সঙ্গেও সমঝোতা করব।’
আরেক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগ থাকলেও সাংসদদের গ্রেপ্তারে আইনগত সীমাবদ্ধতা রয়েছে। বেসিক ব্যাংক মামলায় প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে গ্রেপ্তার প্রশ্নে তিনি বলেন, ‘৫৬টি মামলার তদন্ত চলছে। তদন্তাধীন বিষয়ে আগাম মন্তব্য করা সমীচীন নয়। অপেক্ষা করুন। সঠিক সময়ে সঠিক কাজটি না করলে তখন অবশ্যই আমাদের অভিযুক্ত করবেন।’
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দুদক চেয়ারম্যান চলতি বছরের মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সংস্থার কার্যক্রমের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন মামলায় ৩১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ের মধ্যে দুর্নীতি মামলায় সাজার হার ৩৭ শতাংশ থেকে বেড়ে ৪৯ দশমিক ৬৪ শতাংশে উন্নীত হয়েছে। তবে এতে দুদক সন্তুষ্ট নয়।