দুর্নীতি দমন কমিশন (দুদক) কারও লেজুড়বৃত্তি করে না বলে দাবি করেছেন দুদকের চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের সুপারিশও নাকচ করেছে দুদক। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, দুদকের বর্তমান আইনে সংশোধনী আনা হলে কমিশন অকার্যকর হয়ে পড়বে।গতকাল সোমবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘দুদক আইনের সংশোধনী প্রস্তাব ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই গোলটেবিলে সভাপতিত্ব করেন সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। মূল প্রবন্ধে মন্ত্রিসভায় অনুমোদিত দুদকের খসড়া আইনের বিভিন্ন অসংগতি তুলে ধরা হয়।গোলাম রহমান বলেন, সুশাসনের জন্য সাংবিধানিক তিনটি স্তরের পাশে আরও একটি স্তর জরুরি হয়ে পড়েছে। সেটি ‘ইন্টেগ্রেটি সিস্টেম’। যেখানে দুদকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান থাকবে। নির্বাহী বিভাগ, জাতীয় সংসদ এবং বিচার বিভাগ এখন সুশাসনের জন্য যথেষ্ট নয়। তিনি বলেন, ‘যদি প্রস্তাবিত আইনে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে অনুমতির বিধান রাখা হয়, তাহলে প্রকৃত অর্থেই দুদক তার স্বাধীনতা হারাবে।দুদকের প্রস্তাবিত খসড়া আইন চূড়ান্ত করার আগে জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মোজাফ্ফর আহমদ। তিনি বলেন, দুর্নীতি অনেক বড় বিষয়, এটি সংকুচিত হয়ে এখন শুধু ঘুষের মধ্যে চলে এসেছে। তিনি দুদকের মামলা পরিচালনার জন্য উচ্চ আদালতে দুটি বিশেষ বেঞ্চ গঠনের পরামর্শ দেন। তিনি দুদকে কর্মরত ব্যক্তিদের জন্য একটি ‘নৈতিক আচরণবিধি’ ও ‘পরিচালনা বিধি’ প্রবর্তনেরও সুপারিশ করেন।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান দুদককে একটি সাংবিধানিক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সরকারের প্রতি আহ্বান জানান।টিআইবির একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশের ৯৬ শতাংশ মানুষ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে চায়। ৬৩ শতাংশ মানুষের বিশ্বাস সরকারের পক্ষে দুর্নীতি দূর করা সম্ভব।কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, সব রাজনৈতিক দলকেই দুর্নীতির দায়দায়িত্ব নিতে হবে। সরকার দুদককে অকার্যকর করার জন্য নানারকম কৌশল করছে। বর্তমান বিরোধী দল সংসদে যাচ্ছে না, এটা অনেক বড় ধরনের একটা দুর্নীতি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা বলেন, সাধারণ মানুষের বিরুদ্ধে ইচ্ছেমতো মামলা করা যাবে, অথচ যাঁরা ক্ষমতা চর্চা করেন, তাঁদের বিরুদ্ধে মামলা করতে সরকারের অনুমতি লাগবে—সরকারের এ মানসিকতা মেনে নেওয়া কষ্টকর।গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান, বিচারপতি কাজী এবাদুল হক, বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোস্তফা চৌধুরী, সাংসদ রাশেদা বেগম ও রেহানা আক্তার, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, আবদুল লতিফ মণ্ডল প্রমুখ।