দুদক কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, প্রতিষ্ঠানটির কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে ২০১২ সালের একটি সিদ্ধান্ত অনুযায়ী দুদকে প্রবেশে শৃঙ্খলা রক্ষায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইকবাল মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, দুদক কাউকে অযথা হয়রানি করবে না। তবে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতি দমনে কেবল আইনি ব্যবস্থা নিয়ে অপরাধীকে জেলে পাঠানোই বড় কথা নয়। এ ব্যাপারে জনসচেতনতা বাড়ানোও জরুরি।
দুদকের চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির কাজ বাংলাদেশের শেষ প্রান্ত সাতক্ষীরার শ্যামনগর থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে তিনি টেকনাফ, তেঁতুলিয়া ও জকিগঞ্জের মতো প্রত্যন্ত এলাকায় গিয়ে এ কাজ করবেন। শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দুর্নীতি দূর করতে পারলে দুর্নীতি প্রতিরোধ সহজ হবে বলে উল্লেখ করেন তিনি।
মতবিনিময়কালে দুদকের মহাপরিচালক শামসুল আরেফিন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহতেশামুল হকসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এর আগে দুদকের চেয়ারম্যান জেলার আশাশুনি উপজেলা পরিদর্শন করেন এবং শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত দুর্নীতি প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।