দুদক যদি সত্যিকারভাবে দুর্নীতিমুক্ত দেশ গড়তে আন্তরিক হয়, তাহলে দৃশ্যমান কিছু করতে হবে। তা না হলে দুর্নীতি প্রতিরোধের স্বপ্ন হোঁচট খেতে পারে বলে মনে করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। দুদকের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘দুদক যে দুর্নীতি দমনের কথা বলছে, তারা কী দুর্নীতিমুক্ত? দুর্নীতি দমন বা প্রতিরোধের আগে তাদেরই দুর্নীতিমুক্ত হতে হবে।’
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটির সেরা সদস্যদের পুরস্কৃত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমরা দুদকের কাছে প্রত্যাশা করব, আগামী বছর অন্তত শীর্ষ দশজন দুর্নীতিবাজ যেন শাস্তি পায়। অথবা শাস্তি না পেলেও অন্তত যেন কোণঠাসা হয়ে যায়।’ দেশের প্রতিটি স্তরে আগ্রাসীভাবে দুর্নীতি বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এখন সারাটা জাতিকে দস্যুতে পরিণত করে ফেলেছি।’
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘সম্প্রতি দেখা গেছে, উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে একটি দাতা সংস্থা বরাদ্দ ফেরত নিয়ে গেছে। এটা জাতির জন্য মঙ্গলজনক দৃষ্টান্ত নয়।’ অনুষ্ঠানে ২৮টি শ্রেষ্ঠ জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ক্রেস্ট, নগদ অর্থ এবং সনদ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।