দুদক ক্ষমতাহীন নয়: চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদক ক্ষমতাহীন নয়। দুদকের পর্যাপ্ত ক্ষমতা বা শক্তি রয়েছে, কিন্তু এই শক্তির সঠিক ব্যবহার হচ্ছে না।
রাজধানীতে দুদক কার্যালয়ে আজ সোমবার দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫ প্রদান অনুষ্ঠানে ইকবাল মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘অনেকেই দুর্নীতি দমন কমিশনকে ক্ষমতাহীন বলেন, আমি তা স্বীকার করি না।’ ‘সরষের ভেতরের ভূত’ তাড়াতে গণমাধ্যমের সহায়তা চান দুদক চেয়ারম্যান।
দুদক মিডিয়া অ্যাওয়ার্ড জুরি বোর্ডের সভাপতি ও সমকাল–এর সম্পাদক গোলাম সারওয়ারের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে দুদক চেয়ারম্যান এ কথা বলেন। দুর্নীতি প্রতিরোধ ও দমনে সফল হতে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানান গোলাম সারওয়ার। এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘আজকের অনুষ্ঠানে অনেক বক্তাই বলেছেন সরষের ভেতরেই ভূত আছে। আমিও অস্বীকার করছি না। এ ভূত আমি তাড়াবই, তবে এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা চাই।’ দুদক তথ্যপ্রমাণসহ মামলা করার পরও অভিযোগপত্র থেকে অনেককেই বাদ দেওয়া হয়—সাংবাদিকদের এমন বক্তব্যের জবাবে দুদক চেয়ারম্যানও একমত পোষণ করেন। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, আইনি কাঠামোর মধ্য থেকে যে সকল মামলা হবে, সেসব মামলায় অবশ্যই অভিযোগপত্র দেওয়া হবে।
ইকবাল মাহমুদ আরও বলেন, দুদক শুধু দুর্নীতি দমনের জন্য নয়, দুর্নীতি প্রতিরোধই হচ্ছে এর প্রধান কাজ। দুর্নীতি প্রতিরোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশলপত্র তৈরি করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের মধ্যে মূল্যবোধ পৌঁছে দেওয়া।’ বস্তুনিষ্ঠ সমালোচনা করার আহ্বান জানিয়ে গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ‘সমালোচনা আমাদের পরিশুদ্ধ করবে। আমি যে কাজের ম্যান্ডেট নিয়ে এসেছি তা করতে চাই, ব্যর্থ হয়ে যেতে চাই না।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দুদক মিডিয়া অ্যাওয়ার্ড জুরি বোর্ডের সদস্য একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল এবং পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।
এবারের দুদক মিডিয়া অ্যাওয়ার্ডে ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন মাছারাঙা টেলিভিশনের বদরুদ্দোজা বাবু, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন চ্যানেল টুয়েন্টি ফোরের মুরছালিন হক জুনায়েদ এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন আরটিভির ফখরুল ইসলাম। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে সমকাল–এর হকিকত জাহান প্রথম পুরস্কার এবং সিলেটের ডাক পত্রিকার নুর আহমদ দ্বিতীয় পুরস্কার পেয়েছেন।