দুদক চেয়ারম্যানের পদে গোলাম রহমানের বহাল থাকা নিয়ে রায় ৮ জুলাই
নিয়োগের তারিখ থেকে চার বছর মেয়াদ শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের পদে গোলাম রহমানের বহাল থাকা প্রশ্নে রুলের ওপর শুনানি গ্রহণ শেষ হয়েছে। আগামী ৮ জুলাই এ বিষয়ে রায় দেবেন আদালত।
আজ বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের এ তারিখ ধার্য করেন।
মেয়াদ শেষে দুদক চেয়ারম্যানের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মির্জা আল মাহমুদ ৯ জুন রিট আবেদনটি করেন। শুনানি নিয়ে ১১ জুন হাইকোর্ট রুল জারি করেন। রুলের ওপর শুনানি শেষে আজ আদালত রায়ের এই তারিখ ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা ও দুদকের পক্ষে আইনজীবী আনিসুল হক ও খুরশীদ আলম খান।
আনিসুল হক প্রথম আলো ডটকমকে বলেন, শুনানি নিয়ে আদালত আগামী ৮ জুলাই রায়ের দিন ধার্য করেছেন।
দুদক চেয়ারম্যানের পদটি সাংবিধানিক পদ নয়। ২০০৯ সালের ২৯ এপ্রিল দুদকের চেয়ারম্যান হিসেবে গোলাম রহমানকে নিয়োগ দেওয়া হয়। ওই বছরের ৩০ এপ্রিল এ নিয়োগে প্রজ্ঞাপন জারি করে বলা হয়, ২০০৯ সালের ২ মে থেকে নিয়োগ কার্যকর হবে। ২০০৪ সালের দুদক আইনের ৬ (৩) অনুযায়ী নিয়োগের তারিখ থেকে চার বছর মেয়াদের কথা বলা আছে। এ হিসাবে চার বছরের মেয়াদ গত ১ মে শেষ হয়। ২০১০ সালের ২১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়, ২০০৯ সালের ২৪ জুন গোলাম রহমানের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ওই কর্মকাল গণনা হবে। আইনে চার বছরের বিধান থাকা সত্ত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কর্মকালের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার নেই।
শুনানিতে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান থাকা অবস্থায় গোলাম রহমানকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। ওই পদ থেকে তিনি অব্যাহতি নিয়ে ২০০৯ সালের ২৪ জুন দুদকে যোগদান করেন। দুদক আইনের ৬(৩) ধারা ও ১০ ধারাকে একসঙ্গে মিলিয়ে পড়লে দেখা যায়, দুদকের কমিশনার ও চেয়ারম্যানের পদ আলাদা। তাহলে দুদক আইনের ৬ (৩) ধারা চেয়ারম্যানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত দিয়েছে, যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। রিটে মন্ত্রিপরিষদ বিভাগের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়নি। তাই এখানে ৬ (৩) ধারা লঙ্ঘন হয়নি। গোলাম রহমান ২ মে থেকে ২৩ জুন পর্যন্ত যোগদান করেননি।