দুদক চেয়ারম্যানের পদে থাকা নিয়ে দেওয়া রুলের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের পদে বহাল থাকা প্রশ্নে দেওয়া রুলের ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করেন। আগামী ১৭ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

‘নিয়োগের তারিখ থেকে চার বছর মেয়াদ শেষ হওয়ার পরও’ দুদক চেয়ারম্যানের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মির্জা আল মাহমুদ ৯ জুন রিট আবেদনটি করেন। শুনানি নিয়ে ১১ জুন হাইকোর্ট রুল জারি করে ১৩ জুন শুনানির দিন ধার্য করেন। গতকাল আদালতে রিটের পক্ষে আইনজীবী এম বদরুদ্দোজা ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। দুদুকের পক্ষে আইনজীবী আনিসুল হক ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার এ সময় উপস্থিত ছিলেন।

শুনানিতে এম বদরুদ্দোজা বলেন, দুদক চেয়ারম্যানের পদটি সাংবিধানিক পদ নয়। ২০০৯ সালের ২৯ এপ্রিল দুদকের চেয়ারম্যান হিসেবে গোলাম রহমানকে নিয়োগ দেওয়া হয়। ওই বছরের ৩০ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ২ মে থেকে নিয়োগ কার্যকর হবে। ২০০৪ সালের দুদক আইনের ৬(৩) অনুযায়ী, নিয়োগের তারিখ থেকে চার বছর মেয়াদের কথা বলা আছে। এ হিসাবে চার বছর মেয়াদ ১ মে শেষ হয়। কিন্তু ২০১০ সালের ২১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়, ২০০৯ সালের ২৪ জুন গোলাম রহমানের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ওই কর্মকাল গণনা হবে। আইনে চার বছরের বিধান থাকা সত্ত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কর্মকালের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার নেই।

রুলের জবাব দাখিল করে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান থাকা অবস্থায় গোলাম রহমানকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। ওই পদ থেকে তাঁকে অব্যাহতি দিয়ে ২০০৯ সালের ২৪ জুন দুদকে যোগদান করেন। দুদক আইনের ৬(৩) ধারা ও ১০ ধারাকে একসঙ্গে মিলিয়ে পড়লে দেখা যায়, দুদকের কমিশনার ও চেয়ারম্যানের পদ আলাদা। তাহলে দুদক আইনের ৬ (৩) ধারা চেয়ারম্যানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। খুরশীদ আলম বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত দিয়েছে, যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। রিটে মন্ত্রিপরিষদ বিভাগের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়নি। তাই এখানে ৬ (৩) ধারা লঙ্ঘন হয়নি। গোলাম রহমান ২ মে থেকে ২৩ জুন পর্যন্ত যোগদান করেননি। রিট আবেদনকারীর দাবি অনুসারে ২ মে থেকে নিয়োগ কার্যকর হলে এই সময়ের বেতন-ভাদাতি তাঁকে দিতে হবে। এ সময়ে তিনি কাজ করেননি। কাজ না করে কীভাবে জনগণের টাকা নেবেন? নিলে তা অবৈধ হয়ে যাবে।