দুদক চেয়ারম্যানের পদে থাকার প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগের তারিখ থেকে চার বছর মেয়াদ শেষে কোন কর্তৃত্ববলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান তাঁর পদে আছেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন।

রুলে মেয়াদ শেষে দুদকের চেয়ারম্যানের নেওয়া কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাঁর গ্রহণ করা বেতন-ভাতা কেন ফেরত দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ১৩ জুন রুলের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত ২ মে দুদকের চেয়ারম্যান পদে গোলাম রহমানের চার বছর মেয়াদ শেষ হয়ে গেছে দাবি করে ৫ জুন তাঁর প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। দুই দিন সময় দিয়ে মেয়াদ শেষ হওয়ার পর কোন কর্তৃত্ববলে তিনি ওই পদে আছেন, নোটিশে তা জানতে চাওয়া হয়। নোটিশের জবাব না পেয়ে ৯ জুন আইনজীবী মির্জা আল মাহমুদ রিট আবেদন করেন। এতে দুদকের চেয়ারম্যান ও সচিব, মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবকে বিবাদী করা হয়।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার উপস্থিত ছিলেন।

শুনানিতে আবেদনকারীর আইনজীবী বলেন, ২০০৯ সালের ২৯ এপ্রিল দুদকের চেয়ারম্যান হিসেবে গোলাম রহমানকে নিয়োগ দেওয়া হয়। পরে এই নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ২ মে থেকে নিয়োগ কার্যকর হবে। দুদক আইনের ৬(৩) ধারা অনুযায়ী কমিশনাররা তাঁদের নিয়োগের তারিখ থেকে চার বছর পদে অধিষ্ঠিত থাকবেন। এ হিসাবে তাঁর মেয়াদ গত ১ মে শেষ হয়। ২০১০ সালের ২১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়, ২০০৯ সালের ২৪ জুন গোলাম রহমানের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ওই কর্মকাল গণনা করা হবে। আইনে চার বছরের বিধান থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কর্মকালের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার নেই।