দুদক চেয়ারম্যানের পদে থাকার বৈধতা নিয়ে রিট
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। গতকাল রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। আইনজীবী মির্জা আল মাহমুদ রিটটি করেন। দুদক চেয়ারম্যানের পদের মেয়াদ শেষ হয়ে গেছে দাবি করে ৫ জুন এই আইনজীবী দুদক চেয়ারম্যানের প্রতি আইনি নোটিশ পাঠান। নোটিশের জবাব না পাওয়ায় রিটটি করা হয় বলে জানান মির্জা আল মাহমুদ। তিনি বলেন, দুই দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল নোটিশে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি জমা দেওয়া হয়েছে। আবেদনে চার বছরের মেয়াদ শেষে কোন কর্তৃত্ব বলে গোলাম রহমান দুদকের চেয়ারম্যান পদে আছেন—এ মর্মে রুল চাওয়া হয়েছে। মেয়াদ শেষে তাঁর নেওয়া কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং গ্রহণ করা বেতন-ভাতা কেন ফেরত প্রদানের নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে। দুদক চেয়ারম্যান, কমিশনের সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। রিটের বিষয়বস্তু সম্পর্কে মির্জা আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ২৯ এপ্রিল চার বছরের জন্য দুদকের চেয়ারম্যান হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়। ওই বছরের ৩০ এপ্রিল এ নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ২০০৯ সালের ২ মে থেকে নিয়োগ কার্যকর হবে। এ হিসাবে চার বছর মেয়াদ ১ মে শেষ হওয়ার কথা। কিন্তু তিনি এখনো ওই পদে বহাল আছেন। দুদক আইনের ৬(৩) অনুযায়ী কমিশনাররা তাঁদের নিয়োগের তারিখ থেকে চার বছর মেয়াদের জন্য নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকবেন।
দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালের ২৪ জুন আমি চেয়ারম্যান পদে যোগদান করি। যোগদানের পর নিয়োগ কার্যকর হয়। এই পদের মেয়াদ চার বছর। সে হিসাবে ২৩ জুন মেয়াদ শেষ হচ্ছে।’