দুদক চেয়ারম্যানের পদে থাকার বৈধতা নিয়ে রিট
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের পদে থাকার বৈধতা নিয়ে রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন।আবেদনে আইনের ‘কোন কর্তৃত্ববলে’ গোলাম রহমান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন এবং তাঁকে কেন ওই পদের অযোগ্য ঘোষণা করা হবে না—এই মর্মে রুল চাওয়া হয়েছে। এতে দুদকের চেয়ারম্যান, আইনসচিব, সংসদ সচিবালয়ের সচিব, রাষ্ট্রপতির সচিব ও দুদকের সচিবকে বিবাদী করা হয়েছে।৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে দুদকের চেয়ারম্যান বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারীর গাড়িচালক আজম খানের বক্তব্য গ্রহণযোগ্য নয়। আবেদনকারীর আইনজীবী মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ড্রাইভার-পিয়ন-চাপরাশির কথায় বিচার হয় না বলে দুদকের চেয়ারম্যানের বক্তব্য সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থী। এভাবে কথা বলে তিনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আইন অনুসারে যেকোনো সুস্থ ও স্বাভাবিক ব্যক্তি সাক্ষ্য দিতে পারেন। কিন্তু সাক্ষী বা কোনো সাক্ষীর পেশাকে তাচ্ছিল্য করার সুযোগ নেই।