দুদক টিআইবি সমঝোতা স্মারক সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি সমঝোতা স্মারকে সই করেছে।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে স্মারকে সই করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) মো. শামসুল আরেফিন।
দুই বছর মেয়াদি এ সমঝোতা স্মারকের আওতায় জাতীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী গবেষণা, অ্যাডভোকেসি ও যোগাযোগ কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বিশেষ করে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এর অনুসরণে দুদক প্রতিষ্ঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সদস্যদের সক্ষমতা তৈরিতে দুদক ও টিআইবি এক সঙ্গে কাজ করবে।
এ ছাড়া দুদক ও টিআইবি যৌথভাবে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে স্থানীয় পর্যায়ে সততা সংঘের তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে বিভিন্ন দুর্নীতিবিরোধী কার্যক্রম গ্রহণ, বাস্তবায়ন ও মনিটরিং করবে। এ ছাড়া টিআইবির রিপোর্ট করাপশন ও অ্যাডভোকেসি অ্যান্ড লিগ্যাল এডভাইস সেন্টার (এলাক) কর্মসূচির মাধ্যমে জনগণের কাছ থেকে প্রাপ্ত দুর্নীতির তথ্যের আলোকে দুদক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
অনুষ্ঠানে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, দুর্নীতি দমন সহজ ব্যাপার নয় এবং এ ক্ষেত্রে জনগণের মধ্যে প্রতিরোধের চেতনা ও জাগরণ তৈরিতে টিআইবির সহযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কমিশনার মো. সাহাবুদ্দিন বলেন, দুর্নীতি প্রতিরোধের কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে কমিশন বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে টিআইবি ও দুদকের সমঝোতা স্মারক দুর্নীতি প্রতিরোধে মাইলফলক হয়ে থাকবে।
অপর কমিশনার নাসিরউদ্দীন আহমেদ বলেন এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে নতুন যাত্রা শুরু হল। দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম, সুশীল সমাজ, বেসরকারি সংস্থাসহ সকলকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দুদক আইন ও প্রতিষ্ঠানটির শুরু টিআইবির ভূমিকার কথা উল্লেখ করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে জনগণকে প্রতিবাদী হতে সহায়ক পরিবেশ তৈরিতে তাঁর সংস্থা দুদকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
অনুষ্ঠানে কমিশনের সচিব মাকসুদুল হাসান খান, টিআইবির উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক সুমাইয়া খায়ের এবং পরিচালকবৃন্দ ও দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।