দুদক থেকে দায়মুক্তি পেলেন সাংসদ শামীম ওসমানও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায় থেকে নারায়ণগঞ্জ-৪ আসনের সরকারদলীয় সাংসদ শামীম ওসমানকেও অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০১ সালে বিএনপি সরকারের আমলে শুরু হওয়া অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগটি নিষ্পত্তির ক্ষেত্রে কঠোর গোপনীয়তা অবলম্বন করে কমিশন। গত বছরের ১৭ নভেম্বর কমিশন অভিযোগ নিষ্পত্তির বিষয়টি অনুমোদন করার পর ১৫ ডিসেম্বর দুদক সচিব মো. মাকসুদুল হাসান খান অব্যাহতির বিষয়টি সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়ে জানান। এরপর বিষয়টি শামীম ওসমানকে চিঠি দিয়ে জানানোর পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিবকে অনুলিপি দিয়ে জানানো হয়।
এর আগে ২০১৪ সালের শেষ দিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সরকারদলীয় সাংসদ এনামুল হক ও আসলামুল হককে এবং এ বছরের শুরুতে কক্সবাজারের সাংসদ সাইমুম সারওয়ার কমল ও তাঁর স্ত্রীকে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল দুদক।
দুদক সূত্র জানায়, বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর আমলে ২০০১ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের জেলা দুর্নীতি দমন কর্মকর্তা বরাবর শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধভাবে অর্থসম্পদ অর্জনসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ আসে। ব্যুরোর পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধান শুরু হয়। পরবর্তী সময়ে ডিসেম্বর মাসে ব্যুরোর মহাপরিচালক বরাবর আরেকটি অভিযোগ আসে।
২০০৪ সালে দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত হওয়ার পর দুর্নীতি দমন কমিশনে বিলুপ্ত ব্যুরোর সব অভিযোগ মামলা নিষ্পত্তির জন্য আলাদা একটি বিভাগ গঠন করা হয়। সে বিভাগ থেকে ব্যুরোর আমলের সবগুলো মামলা ও অভিযোগ পর্যালোচনা করা হয়।
গত বছরের ১০ মার্চ শামীম ওসমানের বিষয়টি অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মঞ্জুর মোর্শেদকে দায়িত্ব দেওয়া হয়। তিনি ২০০৭ সালে শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের দায়ের করা একই ধরনের একটি মামলার কথা উল্লেখ করে বিষয়টি অনুসন্ধান না করে নথিভুক্ত করার সুপারিশ করেন। তাঁর সুপারিশের ওপর ভিত্তি করে কমিশন গত বছরের ১৭ নভেম্বর অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির বিষয়টি অনুমোদন করে।
জানতে চাইলে দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে একই ধরনের একটি অভিযোগে দুদক মামলা করেছিল। যেহেতু একই বিষয়ে পরে আরেকটি মামলা হয়েছে, সে কারণে ব্যুরোর আমলের সেই অভিযোগটি আর অনুসন্ধান করা হয়নি।
প্রসঙ্গত এক-এগারোর সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় সম্পদের হিসাব না দেওয়ায় শামীম ওসমানের বিরুদ্ধে ২০০৭ সালের ৪ এপ্রিল মামলা করে দুদক। তাঁর অনুপস্থিতিতেই ওই মামলার বিচারকাজ চলার পর ওই বছরের ৩০ এপ্রিল তাঁর তিন বছরের সাজা হয়।
পরে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশে ফিরে দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শামীম ওসমান। দণ্ডের কার্যকারিতা স্থগিত হয়। ২০১১ সালের ২৬ জানুয়ারি সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হলে শামীম ওসমান ওই বছরের ৬ ফেব্রুয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিনই তিনি মামলার সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট আপিল মঞ্জুর করে শামীম ওসমানের তিন বছরের সাজার রায় বাতিল ঘোষণা করেন।