দুদক থেকে ফেরত মামলার চাপে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর আগে অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগের বাসিন্দা ইমতিয়াজুর রহমান। বিজ্ঞাপন দেখে মুঠোফোনে যোগাযোগ করে এক যুবক মোটরসাইকেলটি কিনতে আসেন। পরীক্ষামূলক চালানোর সময় মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ওই যুবক। এ ঘটনায় প্রতারণার অভিযোগে যাত্রাবাড়ী থানায় মামলা করেন ইমতিয়াজুর।
২০১৩ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে সংশোধনীর কারণে থানা থেকে মামলাটি তদন্তের জন্য যায় দুদকে। চলতি বছরের জুনে দুদক আইনে আবার সংশোধনীর ফলে তদন্ত না হওয়া মামলাটি থানায় ফিরে এসেছে।
শুধু এই মামলা নয়, সংশোধনীর কারণে প্রতারণা ও জালিয়াতির এমন প্রায় ১০ হাজার মামলা দুদক থেকে ফিরে এসেছে পুলিশের কাছে। এই বিপুল মামলার চাপে পড়েছে পুলিশ। অন্যদিকে এসব মামলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ভুক্তভোগীরা।
দুদক ও পুলিশের সূত্র বলেছে, ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত ব্যক্তির করা জালিয়াতি ও প্রতারণার মামলাগুলো তদন্তের দায়িত্ব ছিল পুলিশের হাতে। কিন্তু ২০১৩ সালের ডিসেম্বরে দুদক আইন সংশোধন করে জালিয়াতি ও প্রতারণার সব মামলার তদন্ত দুদকে স্থানান্তরিত হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও প্রতিষ্ঠানের দুর্নীতির পাশাপাশি ব্যক্তির প্রতারণা ও জালিয়াতির সব মামলা তদন্তের জন্য দুদকে যায়। চলতি বছরের জুনে আবার দুদক আইন সংশোধন করায় ব্যক্তির করা প্রতারণা ও জালিয়াতির মামলাগুলোর তদন্তভার পুলিশের কাছে ফিরে আসে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আমরা মামলাগুলো তদন্তের ব্যবস্থা নিয়েছি।’
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, ফেরত আসা ওই মামলাগুলোর অনেক বাদীকে এখন পাওয়া যাচ্ছে না। আসামিদের ঠিকানা পরিবর্তন হয়েছে, সাক্ষীরা আগ্রহ হারিয়েছেন। ভুক্তভোগীদের কেউ কেউ মামলা নিয়ে আশা ছেড়ে দিয়েছেন। এ ছাড়া হঠাৎ একসঙ্গে এত মামলা আসায় তদন্তে হিমশিম খাচ্ছে পুলিশ।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, ‘এত দিন পর এত মামলা একসঙ্গে তদন্ত করে অভিযুক্তকে বিচারের সম্মুখীন করা সিংহভাগ ক্ষেত্রেই অসম্ভব। ফলে প্রতারণার শিকার হাজার হাজার ভুক্তভোগী ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।’ তিনি বলেন, দুদক আইনের ২০১৩ সালের সংশোধনীই ভুল ছিল।
ভুক্তভোগী ইমতিয়াজুর বলেন, ‘মোটরসাইকেল নিয়ে পালানো যুবকটির সঙ্গে ঘটনার পর মুঠোফোনে কয়েকবার কথা বলেছি। তখন তদন্তে জোর দিলে মোটরসাইকেল উদ্ধার করা যেত। কিন্তু মামলা দুদকে চলে যাওয়ায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, আবার দুদক থেকেও প্রতিকার পাইনি। এখন থানা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু মোটরসাইকেল ফিরে পাব এমন আশা আর করি না।’
২০১৩ সালে কতটি মামলা পুলিশের কাছ থেকে দুদকে এসেছিল এবং ২০১৬ সালে কতটি মামলা পুলিশের কাছে ফেরত গেছে, এর সুনির্দিষ্ট সংখ্যা দুদক ও পুলিশ সূত্র দিতে পারেনি। তবে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে, পুলিশের কাছ থেকে দুদকে যাওয়া প্রতারণা ও জালিয়াতির ৮০ শতাংশ মামলারই তদন্ত হয়নি।
জানতে চাইলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সারা দেশ থেকে আসা প্রতারণা ও জালিয়াতির প্রায় ১০ হাজার মামলা এ বছর পুলিশের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, লোকবলের অভাবে সব মামলা তদন্ত করা সম্ভব হয়নি।
ডিএমপির উপকমিশনার (প্রসিকিউশন) আনিসুর রহমান বলেন, প্রায় তিন হাজার মামলা ডিএমপির বিভিন্ন থানায় ফেরত গেছে।
পুলিশের একটি সূত্র বলেছে, শুধু ঢাকা বিমানবন্দর থানায় গেছে ১ হাজার ১৭৩টি মামলা। এই থানায় মোট তদন্ত কর্মকর্তা (উপপরিদর্শক) আছেন ১৯ জন। এই জনবলে এসব মামলার তদন্ত শেষ করতে দীর্ঘ সময় লাগবে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, জালিয়াতি ও প্রতারণার মামলা জটিল প্রকৃতির হওয়ায় একেকটির তদন্তে দুই থেকে চার মাস পর্যন্ত লাগতে পারে।
বিমানবন্দর থানার ওসি নুরে আযম মিয়া বলেন, দুদকে যাওয়া মামলাগুলোর মধ্যে ৫০-৬০টির তদন্ত দুদকে হয়েছে। বাকি মামলা তদন্ত ছাড়াই ফিরে এসেছে। তদন্ত শেষ করতে কিছু মামলা গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়েছে এবং কিছু মামলা অপরাধ তদন্ত বিভাগে স্থানান্তরের জন্য আবেদন করা হয়েছে।