দুদক দলের ওপর হামলায় তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জেলা প্রশাসন কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দলকে অবরুদ্ধ করে মারধর করার ঘটনাটি দুদক প্রধান কার্যালয় থেকে তদন্ত করা হচ্ছে। প্রধান কার্যালয় ঢাকা থেকে তিন সদস্যের একটি দল গতকাল শনিবার সিলেট এসেছে। দুদক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দুদক সিলেটের একটি দল জেলা প্রশাসনের বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমানকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আটক করে। এ সময় জেলা প্রশাসনের কর্মচারীরা দুদক দলকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে আটক আজিজুরকে ছাড়িয়ে নিতে দুদক দলের সদস্যদের মারধর করা হয়। কর্মচারীদের হামলায় দুদকের উপসহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার, ওয়াহিদ মঞ্জুর, কনস্টেবল মিসবাহ উদ্দিন ও গাড়িচালক বিপ্লব আহত হন। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রধান কার্যালয় থেকে আসা দলটির নেতৃত্ব দিচ্ছেন দুদকের তদন্ত বিভাগের বিশেষ মহাপরিচালক আসাদুজ্জামান। নিজস্ব প্রতিবেদক, সিলেট