দুদক পাচার করা অর্থ এনে সক্ষমতা বাড়াতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজেদের সক্ষমতা আরও বাড়াতে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা সরকারের একটি বড় সাফল্য বলে উল্লেখ করেন তিনি।
গতকাল সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলের হলরুমে দেশি-বিদেশি বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, দুদক সিঙ্গাপুর থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে যেভাবে নিজেদের সক্ষমতা বাড়িয়েছে, তেমনি অন্যদের পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে দুদক তাদের সক্ষমতা ক্রমশ বাড়িয়ে প্রতিষ্ঠানটি ‘রয়েল বেঙ্গল টাইগার’ হয়ে উঠতে পারে।
অর্থমন্ত্রী জানান, মানি লন্ডারিং প্রতিরোধে সরকার কার্যকরী আইন প্রণয়ন করেছে। মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স রিকোয়েস্টসহ (এমএলএআর) বিভিন্ন আইন তৈরি করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধানের ক্ষেত্রেও দুদকের অধিকার রয়েছে। দুদক স্বাধীনভাবে কাজ করেছে।
বিশেষ অতিথি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দেশে রাজনৈতিক প্রভাবশালী অনেকের বিরুদ্ধেই অর্থ পাচারের (মানি লন্ডারিং) মামলা হয়েছে। নানা জটিলতায় এসব মামলা ঝুলে আছে। তিনি বলেন, ‘মানি লন্ডারিং মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলের অর্থ (কোকো) দেশে ফেরত এসেছে। এ টাকা ফেরত আনতে আমরা দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চালিয়েছিলাম। সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় অবশেষে সে অর্থ দেশে ফেরত এসেছে।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, পাচার করা অর্থ ফেরত আনার প্রক্রিয়াটা বেশ জটিল। মানি লন্ডারিংয়ের বিষয়ে দুদকের এ কর্মশালা পাচার করা টাকা উদ্ধারে প্রশিক্ষণার্থীর অভিজ্ঞতা অর্জনে বেশি সহায়ক হবে।
মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসেন ভুঁইয়া বিদেশ থেকে সম্পদ পুনরুদ্ধারের এই যুদ্ধে দুদক, বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডকে একত্রে কাজ করার আহ্বান জানান।
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান, কমিশনার মো. সাহাবুদ্দিন, নাসিরউদ্দিন আহমেদ, দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।