দুদক প্রায় অকার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির তদন্ত ও দুর্নীতি দমনের ক্ষেত্রে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা প্রায় অকার্যকর৷ দক্ষিণ এশিয়ার দেশগুলোর দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এক প্রতিবেদনে এভাবেই দুদক সম্পর্কে মূল্যায়ন করা হয়েছে৷ ‘ফাইটিং করাপশন ইন সাউথ এশিয়া: বিল্ডিং অ্যাকাউনটিবিলিটি’ শীর্ষক প্রতিবেদনটি গত মঙ্গলবার প্রকাশ করা হয়৷
টিআইয়ের প্রতিবেদনে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার দুর্নীতির অবস্থা তুলে ধরা হয়৷ প্রতিবেদনে দক্ষিণ এশিয়াকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অঞ্চল এবং পাকিস্তানকে এই অঞ্চলের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে৷
প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইনের ধারায় যদিও বলা হয়েছে যে দুর্নীতির তদন্ত করা একান্তই কমিশনের কাজ৷ তবে বাস্তবতা ভিন্ন৷ ২০১২ সালে কমিশন ৫৮৮টি মামলার চার্জশিট দেয়৷ তবে এর মধ্যে মাত্র ৫৭টি মামলার বিচার শুরু হয়েছে৷
যেসব মামলা বিচারের জন্য তোলা হয়েছে, সেগুলোর বেশির ভাগই আবার রাজনৈতিক বিবেচনায় করা মামলা৷ ২০০৯ সালে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে করা মামলার অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠন করে সরকার৷ এই কমিটি ২০১১ সালে চার হাজার ৬৮৭টি মামলা প্রত্যাহার করে৷ এসব মামলায় বেশির ভাগ ক্ষেত্রে সরকারি দলের লোকজন জড়িত ছিলেন৷ কমিটি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা ১২টি মামলা প্রত্যাহার করে৷ সরকারদলীয় প্রভাবশালী নেতা, তাঁদের আত্মীয়স্বজনের বিরুদ্ধে করা মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়৷ তবে কমিটি বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলার কাজ বন্ধ করার বিষয়ে একেবারে উদাসীন৷
প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি-বিরোধী রাষ্ট্রীয় সংস্থাগুলো লোকবল নিয়োগ ও অর্থের জন্য রাজনৈতিক শক্তির মুখাপেক্ষী থাকে৷ আর বাংলাদেশে রাজনৈতিক বিবেচনায় বিচারিক কার্যক্রমে নিয়োগের প্রবণতাও ক্রমশ বাড়ছে৷
টিআই বলছে, দুদকসহ দুর্নীতিবিরোধী সরকারি সংস্থা, বিচার বিভাগের মূল ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও প্রত্যাহারের প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে৷ এসব নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও সম্পৃক্ত করার তাগিদ দেওয়া হয় ওই প্রতিবেদনে৷
তথ্য অধিকার আইন তৈরিকে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে আখ্যা দিয়ে প্রতিবেদনে বলা হয়, আইন হওয়ার পাঁচ বছর পরও এর মূল উদ্দেশ্য পূরণ হয়নি৷ আইনটি সম্পর্কে সরকারি কর্মকর্তাদের ধারণা কম৷
এই প্রতিবেদনকে ‘একপেশে’ বলে আখ্যায়িত করেন দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান৷ গতকাল বুধবার তিনি প্রথম আলোকে বলেন, ‘ওনারা (টিআই) আমাদের কার্যক্রম ঠিকমতো দেখেন না৷’ তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচনী হলফনামায় অসংগতি নিয়ে সরকারি দলের সাংসদদের বিরুদ্ধে তদন্ত করছি৷ এটা দুদকের ইতিহাসে বিরল৷’
এ বিষয়ে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান বলেন, ‘যদি দেশে দুর্নীতি কমে যেত বা দুর্নীতিবাজেরা ভয় পেত, তবে মনে করতাম দুদক কার্যকর৷’ বাস্তবে তো ঠিক উল্টোটাই হয়েছে৷ ক্ষমতাসীন দলের সাংসদদের দুর্নীতি নিয়ে অনুসন্ধান প্রসঙ্গে তাঁর বক্তব্য, এসব দুর্নীতি এখনো অনুসন্ধানের প্রক্রিয়ায় আছে৷ যদি মামলা হয়, তবে এর কার্যকারিতা বোঝা যাবে৷