দুদক বিলে রাষ্ট্রপতির সম্মতিতে টিআইবির হতাশা
জজ, ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরে সরকারের পূর্বানুমতির বিধান রেখে দুদক (সংশোধনী) বিল, ২০১৩-এ রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। বিলে সম্মতি দেওয়ায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও রিপোর্টার্স অ্যাগেনস্ট করাপশন (র্যাক)। ১৯ নভেম্বর রাতে তড়িঘড়ি করে বিলটিতে রাষ্ট্রপতির স্বাক্ষর সংগ্রহ করার ঘটনায় আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে র্যাক ও টিআইবি তীব্র নিন্দা জানায়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সাংবিধানিক ক্ষমতা প্রয়োগপূর্বক দুদক (সংশোধনী) বিল পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলাম। এরপর ১৯ নভেম্বর, মঙ্গলবার সংবাদ সম্মেলন করে সংবাদমাধ্যমের সহায়তায় বিষয়টির গুরুত্ব তুলে ধরে আমাদের দাবি পুনর্ব্যক্ত করেছি। সংশোধনীটি যে সংবিধানের পরিপন্থী, সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক ও জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রদত্ত প্রতিশ্রুতির লঙ্ঘন, এ বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আমরা রাষ্ট্রপতির হস্তক্ষেপের আহ্বান জানাই।’
ইফতেখারুজ্জামান বলেন, সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান হওয়া সত্ত্বেও উল্লিখিত ধারার বলে বিশেষ একটি শ্রেণিকে কার্যত বৈষম্যমূলকভাবে বিশেষ সুবিধা দেওয়ার ব্যাপারে রাষ্ট্রপতি যখন বিনা বাক্য ব্যয়ে একমত হন, তখন জনগণ গভীর হতাশায় নিমজ্জিত হয়।