রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ এনামুল হকের বিরুদ্ধে মামলা করছে না দুদক। তবে বিষয়টি নথিভুক্তির মাধ্যমে অব্যাহতি দেওয়া হবে, না নতুন করে অনুসন্ধান করা হবে—তা নির্ভর করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের ওপর। আজ বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে দুদকের একাধিক সূত্র জানিয়েছে।
এনামুল হকের সম্পদ অনুসন্ধানের পর দুদকের অনুসন্ধান কর্মকর্তা মামলার সুপারিশ করেছিলেন। তবে দুই কমিশনারের মতদ্বৈথতার কারণে দুই মাসেরও বেশি সময় ধরে সিদ্ধান্ত হয়নি। দুদক সূত্র জানায়, গত সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে আবারও দুই কমিশনার দুই রকম মতামত দেন।
দুদকের একটি সূত্র জানায়, এনামুল হকের বিরুদ্ধে ২১৩ কোটি ৮০ লাখ টাকার সম্পদ গোপন এবং দুই কোটি ৮৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলার সুপারিশ করা হয়। এ বিষয়ে গত ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেন অনুসন্ধান কর্মকর্তা যতন কুমার রায়। পরে এ বিষয়ে কমিশনার নাসির উদ্দিন আহমেদ অনুসন্ধান কর্মকর্তার সুপারিশ অনুযায়ী মামলা করার পক্ষে মত দেন। অপর কমিশনার মো. সাহাবুদ্দিন অভিযোগটি নথিভুক্ত করে এনামুল হককে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন।
দুই কমিশনারের দুই মতামতের বিষয়টি গত ৩ নভেম্বর কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে উপস্থাপন করা হয়। নথিভুক্ত করার অভিমত যথার্থ কি না, সে ব্যাপারে পর্যালোচনা করার সিদ্ধান্ত হয় বৈঠকে। এনামুলের মালিকানাধীন এনা প্রপার্টিজের সম্পদ এবং রাজস্ব বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করতে কমিশনার নাসির উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়।
এর এক মাস পর গত সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে বিষয়টি আবারও উপস্থাপন করা হয়। কমিশনার সাহাবুদ্দিন তাঁর আগের মতামতে অটল থাকেন। অপর কমিশনার মামলা করার সুপারিশ থেকে পিছিয়ে এসে বিষয়টি আবারও অনুসন্ধানের সুপারিশ করে মতামত দেন।
এ বিষয়ে জানতে চাইলে মো. সাহাবুদ্দিন বলেন, ‘আমি আগেও যে মতামত দিয়েছি, তাতেই অটল রয়েছি। এনামুল হকের বিষয়টিতে দুদকের কিছু করার নেই। অনুসন্ধান কর্মকর্তা ব্যক্তিগত সম্পদ আর প্রাতিষ্ঠানিক সম্পদ একসঙ্গে মিলিয়ে ফেলেছেন। কর ফাঁকির যে বিষয় আছে, সেটা জাতীয় রাজস্ব বোর্ডের বিষয়। এটা দুদকের তফসিলের ভেতরে পড়ে না।’
নবম জাতীয় সংসদের ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর হলফনামা নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে অনুসন্ধান শুরু করে দুদক।