দুদক রয়েল বেঙ্গল টাইগার হয়ে উঠতে পারে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজের সক্ষমতা আরও বাড়াতে পারে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি রয়েল বেঙ্গল টাইগার হয়ে উঠতে পারে।
আজ সোমবার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলের হলরুমে দেশি-বিদেশি বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে বিশেষ এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দুদক সিঙ্গাপুর থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে যেভাবে নিজেদের সক্ষমতা বাড়িয়েছে, তেমনি অন্যদের পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে প্রতিষ্ঠানটি ‘রয়েল বেঙ্গল টাইগার’ হয়ে উঠতে পারে।
অর্থমন্ত্রী জানান, অবৈধভাবে অর্থ পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধে সরকার কার্যকর আইন প্রণয়ন করেছে। মিউচ্যুয়াল লিগাল অ্যাসিসটেন্স রিকোয়েস্টসহ (এমএলএআর) বিভিন্ন আইন তৈরি করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধানের ক্ষেত্রেও দুদকের অধিকার রয়েছে। দুদক স্বাধীনভাবে কাজ করেছে। অর্থ পাচার রোধে দুদককে তথ্য ও প্রযুক্তিতে আরও এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘দেশে রাজনৈতিক প্রভাবশালী অনেকের বিরুদ্ধেই অর্থ পাচারের (মানি লন্ডারিং) মামলা হয়েছে। নানা জটিলতায় এসব মামলা ঝুলে আছে। তিনি আরও বলেন, মানি লন্ডারিং মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলের (কোকো) অর্থ দেশে ফেরত এসেছে। এ টাকা ফেরত আনতে আমরা দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চালিয়েছিলাম। সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় অবশেষে সে অর্থ দেশে ফেরত এসেছে।’ বিদেশ থেকে পাচারের টাকা ফেরত আনতে আইনি চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, পাচার করা অর্থ ফেরত আনার প্রক্রিয়া বেশ জটিল। বিভিন্ন দেশে বিভিন্ন আইনি জটিলতা থাকে। মানি লন্ডারিংয়ের বিষয়ে দুদকের এ কর্মশালা পাচারকৃত টাকা উদ্ধারে প্রশিক্ষণার্থীর অভিজ্ঞতা অর্জনে বেশ সহায়ক হবে বলে মনে করেন তিনি।
বিদেশ থেকে সম্পদ পুনরুদ্ধারের এই ‘যুদ্ধে’ দুদক, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডকে একত্রে কাজ করার আহ্বান জানান মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে এ সময় দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান, কমিশনার মো. সাহাবুদ্দিন, নাসিরউদ্দিন আহমেদ, দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।