দুর্নীতি আর উন্নতি পাশাপাশি চলে, একসঙ্গে চলতে পারে না। দুর্নীতি চললে দেশের উন্নতি হবে না। উন্নতি হবে ব্যক্তিবিশেষের। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করা ছাড়া বাংলাদেশের জন্য কোনো বিকল্প নেই। দুঃখজনক হলেও বাস্তবতা হলো, দুদককে শক্তিশালী করা হচ্ছে না ক্ষমতাসীনদের স্বার্থে। দুদক আইন সংশোধনের প্রস্তাব করে বরং প্রতিষ্ঠানটিকে অকার্যকর করা হচ্ছে। এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন। গতকাল শনিবার বিকেলে সিলেটে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনেরা এ মত ব্যক্ত করেন।‘দুর্নীতি দমনে সরকারি উদ্যোগ ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক গোলটেবিল বৈঠক সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনজীবী শাহ্দীন মালিক। স্বাগত বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। প্রবীণ শিক্ষাবিদ খন্দকার মাহমুদুল ইসলামের সভাপতিত্বে ও সুজনের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সুজন সিলেটের কোষাধ্যক্ষ সৈয়দ জিয়াউস শামস। বৈঠকের শুরুতেই সিলেটে নৃশংসভাবে খুন হওয়া সুজনের সদস্য শাহিদা আক্তার মিলির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিলেটের রাজনীতিবিদ আরশ আলী, বেদানন্দ ভট্টাচার্য, লোকমান আহমদ, সিকান্দর আলী, আবদুল গফফার, আইনজীবী ইরফানুজ্জামান চৌধুরী, সৈয়দা শিরিনা আক্তারসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা মুক্ত আলোচনায় অংশ নেন। বর্তমান সময়ে দুদককে শক্তিশালী ও কার্যকরভাবে পরিচালিত করার প্রয়োজনীয়তার কথা তাঁরা তুলে ধরেন।প্রধান অতিথির বক্তৃতায় শাহ্দীন মালিক বলেন, আমাদের সরকার বোধ হয় মনে করে, দুর্নীতিও হবে, উন্নতিও চলবে। কিন্তু এমন হওয়া দেশ ও জাতির জন্য মঙ্গলকর নয়। আমাদের দুর্ভাগ্য, সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে জোরদার পদক্ষেপ নেওয়ার কোনো নমুনা আমরা পাই না।’প্রস্তাবিত দুদক আইন সংশোধন প্রসঙ্গে শাহ্দীন মালিক বলেন, ‘ঢাকায় এ রকম একটি বৈঠকে দুদক চেয়ারম্যান নিজেও বলেছেন, তিনি জানেন না কী সংশোধন হবে, আর কী থাকবে। এই যদি হয় অবস্থা, তাহলে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা আছে। আমি সংশোধিত আইনটির কিছু কিছু অংশ পড়েছি। আমার কাছে ভয়াবহ রকমের লেগেছে। ব্যবহারের চেয়ে অপব্যবহার হবে বেশি। আমরা যদি সবাই সংকল্পবদ্ধ হই, এ আইন সংশোধন করে দুর্নীতি দমন হবে না—তাহলে আর হবেই না।’