বিশ্বজুড়ে আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশি নাগরিকদের বিষয়ে অনুসন্ধানের জন্য এ সপ্তাহে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে আলাদা আলাদা নোটিশে তাঁদের তলব করা হয়েছে। দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোনো কোনো গণমাধ্যমে আসা বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম পানামা পেপারস কেলেঙ্কারিতে আদৌ আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া না গেলেও দুদক স্বতঃপ্রণোদিত হয়ে এ পদক্ষেপ নিয়েছে।
দুদকের সচিব বলেন, সম্প্রতি তাঁদের পক্ষ থেকে ১১ জনকে তলব করে নোটিশ পাঠানো হয়েছিল। এর মধ্যে দুজনকে তাঁদের ঠিকানায় পাওয়া যায়নি। গত সপ্তাহে তিনজন দুদকে এসে তাঁদের বক্তব্য দিয়ে গেছেন। বাকি ছয়জনকে ৪, ৫ ও ৯ মে দুদকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাঁদের তলব করা হয়েছে, অনুসন্ধানের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করতে রাজি হননি দুদকের সচিব।
দুদকের সচিব আরও বলেন, যাঁদের নাম এসেছে পর্যায়ক্রমে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।
পানামা পেপারস কেলেঙ্কারিতে কোন কোন বাংলাদেশি নাগরিকের নাম এসেছে মর্মে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর গত ৭ এপ্রিল দুদকের উপপরিচালক আখতার হামিদ ভুঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করে দুদক।