দুদককে অসহযোগিতার দায়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ইচ্ছাকৃতভাবে তথ্য না দিয়ে অসহযোগিতার দায়ে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার কমিশন মামলার অনুমোদন দেয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী সপ্তাহেই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এ মামলা হবে। ওই ব্যবসায়ী হলেন এশিউর প্রোপার্টিজের চেয়ারম্যান মো. শেখ সাদী।

দুদক জানায়, বেসিক ব্যাংকের সাবেক ডিজিএম সিপার আহমেদসহ ৪ জনের বিরুদ্ধে একটি অর্থপাচার মামলার তদন্তের জন্য ওই ব্যবসায়ীকে মামলাসংক্রান্ত রেকর্ডপত্র চেয়ে তিনবার নোটিশ দেন দুদকের কর্মকর্তা, সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। শেখ সাদী নোটিশ পেয়েও তদন্ত কর্মকর্তার কাছে কোনো রেকর্ডপত্র সরবরাহ করেননি এবং হাজির হয়ে বক্তব্য দেননি। এমনকি নোটিশের কোনো জবাবও দেননি তিনি।

দুদক বলছে, একের পর এক নোটিশ দিয়ে অনুরোধ করা সত্ত্বেও নোটিশে সাড়া না দিয়ে তিনি তদন্তকাজে অনর্থক বিঘ্ন তৈরি করেছেন। ওই সব রেকর্ডপত্র না পাওয়ায় ধারাবাহিকভাবে ওই মামলার পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটেছে। এ অসহযোগিতার কারণেই মামলাটির তদন্তে প্রায় তিন মাস সময় নষ্ট হয়েছে।

দুদক বলছে, নোটিশ পাওয়ার পরও ইচ্ছাকৃতভাবে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনীয় রেকর্ডপত্র সরবরাহ না করা এবং বক্তব্য না দেওয়া দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৯(১) ধারায় অপরাধ। তাই তাঁর বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।