দুদককে আইনিভাবে দুর্বল করা হলে তা হবে আত্মঘাতী: টিআইবি
আইনি সংস্কারের মাধ্যমে দুদককে দুর্বল করা হলে, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার নির্বাচনী অঙ্গীকারের বিবেচনায় তা সরকারের জন্য আত্মঘাতী হবে। গতকাল সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এ কথা বলেন। দুদককে সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দুদক সংশোধন বিল-২০১১-এ অনুমতি ছাড়াই প্রজাতন্ত্রের কর্মচারীদের দুর্নীতির তদন্তের পর মামলা করার বিধান রাখার সিদ্ধান্তে সরকারের নির্বাচনী অঙ্গীকার আংশিক প্রতিফলন হয়েছে। কিন্তু তদন্তের পর অভিযোগপত্রের (চার্জশিট) ক্ষেত্রে সরকারের পূর্বানুমতির বাধ্যবাধকতা বহাল রাখলে সরকারের সেই নির্বাচনী অঙ্গীকার সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যাবে।টিআইবির নির্বাহী পরিচালক কোনো প্রকার অস্পষ্টতা না রেখে অন্যান্য শ্রেণী-পেশার মতোই প্রজাতন্ত্রের কর্মকর্তাদের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক যেন সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে পদক্ষেপ নিতে পারে, সে ধরনের বিধান রাখার সুপারিশ করেন।দুদকের আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা প্রদানে সংসদীয় কমিটির সুপারিশকে স্বাগত জানান টিআইবির নির্বাহী পরিচালক। একদিকে দুদককে আরও স্বাধীন ও কার্যকর করা, অন্যদিকে যারা সেনা সরকারের সময় দুদকের বিতর্কিত ভূমিকার জন্য দায়ী, তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করারও সুপারিশ করেন তিনি।