দুদককে আস্থা ও বিশ্বাস অর্জনের পরামর্শ বিশিষ্টজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যিকারভাবে দুর্নীতিমুক্ত দেশ গড়তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। আর এর জন্য দুদককে দৃশ্যমান কিছু করতে হবে। ‘চুনোপুঁটিদের না ধরে রাঘব-বোয়ালদের’ আইনের আওতায় আনতে হবে।

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সেমিনারে এমন মতই দিয়েছেন বিশিষ্টজনেরা। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ‘রাজনৈতিক অঙ্গীকার ও প্রশাসনিক সংস্কার, দুয়ে মিলে হতে পারে দুর্নীতির প্রতিকার’-শিরোনামের এ সেমিনারের আয়োজন করে দুদক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. মোহাব্বত খান। তাঁর অনুপস্থিতিতে প্রবন্ধটি পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুল আহসান কলিমুল্লাহ। মূল প্রবন্ধে মোহাব্বত খান বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্যে বিরোধী দলকে ক্ষমতায়নের কোনো উদাহরণ আমাদের সামনে নিয়ে আসেনি। যে কারণে গত দুই দশকে আমরা শুধু দেখেছি রাজনৈতিক অনাস্থা এবং অসহিষ্ণুতা, যা কখনো দুর্নীতি প্রতিকারের জন্য সহায়ক নয়।’ পুরো প্রবন্ধেই রাজনৈতিক অঙ্গীকারের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, দুদকের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশার মূল্য দিতে হলে দুদককে বর্তমান প্রশাসনিক কাঠামো থেকে মুক্ত হতে হবে। ‘স্বাধীন হতে হলে অধিদপ্তর স্ট্যাটাস থেকে মুক্ত করার দায়িত্ব দুদককেই নিতে হবে’, যোগ করেন তিনি। জনগণের শ্রদ্ধা ও আস্থা কেউই দেবে না, মন্তব্য করে তিনি বলেন, কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করেই আস্থা অর্জন করতে হবে।

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক সদিচ্ছা, সঠিক বিচার ও প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধি করা হলে দুর্নীতি রোধ সম্ভব। এর পাশাপাশি জাতীয় সংসদকে কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যে দেশে সংসদ কাজ করে না, যে দেশে সংসদীয় কমিটি কাজ করে না, সে দেশে দুর্নীতি রোধ করা সম্ভব হবে না।

সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির রাজনৈতিক অঙ্গীকারের চেয়ে সদিচ্ছার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘অঙ্গীকারের প্রতি আমাদের নেতিবাচক ধারণা রয়েছে। সদিচ্ছা থাকলেও দুর্নীতির প্রতিকার সম্ভব।’

সভাপতির বক্তব্যে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘বিভিন্ন সময় কাজ করতে গিয়ে আমরা মাঝেমধ্যে হোঁচট খাই। অন্যান্য দপ্তর থেকে প্রত্যাশামতো সহায়তা না পাওয়ার কারণে এটা হয়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, আইনজীবী এম আমীর-উল-ইসলাম, সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল মান্নান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, অধ্যাপক মাহফুজা খানম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, সাংবাদিক রাহাত খান, কাজী সিরাজ ও সোহরাব হাসান, মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।