দুদককে তলবের সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তলবের সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। স্বাধীন সংস্থা দুদককে ডাকার এখতিয়ার সংসদীয় কমিটির আছে কি না, সে বিষয়টি পর্যালোচনা করছে সংসদীয় কমিটি।

উচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চুর বিরুদ্ধে দুদক থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ৩১ অক্টোবর বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছিল আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সে সঙ্গে কমিটির পরবর্তী বৈঠকে দুদকের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের ডাকার সিদ্ধান্ত নেয় কমিটি। কমিটির সদস্য শেখ ফজলে নূর তাপস সাংবাদিককের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতেও এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। এরপর সংসদীয় কমিটি দুদকে তলব করতে পারে কি না, এ নিয়ে প্রশ্ন তৈরি হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদককে ডেকে পাঠিয়ে কোনো চিঠি দেওয়া হয়নি। কমিটির কার্যবিবরণীতেও দুদককে তলবের বিষয়টি নেই। কার্যবিবরণীতে এ সংক্রান্ত সিদ্ধান্তে বলা হয়েছে, বেসিক ব্যাংকের অর্থ কেলেঙ্কারির বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে একটি প্রতিবেদন চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেওয়া হবে।

বৈঠক সূত্র জানায়, গতকাল আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে দুদককে কমিটিতে তলবের বিষয়টি নিয়ে আবার আলোচনা হয়। বৈঠকে বলা হয়, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। এটি রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ। তাই সংসদীয় কমিটি এই সংস্থা বা সংস্থার চেয়ারম্যানকে তলব করতে পারে কি না, দেখতে হবে। তাছাড়া বেসিক ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের অধীনে। বেসিক ব্যাংকের কেলেঙ্কারির বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি তদন্ত করতে পারে বা তাদের ডাকতে পারে। এটি সরাসরি আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বিষয় নয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, বেসিক ব্যাংকের দুর্নীতির বিষয়টি তদন্তাধীন। দুদককে ডাকার সিদ্ধান্ত তাঁরা আপাতত স্থগিত রেখেছেন। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে তাদের ডাকা যাবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। পরবর্তী বৈঠকেও এ বিষয়ে আলোচনা হবে।

কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, শামসুল হক, শহীদুজ্জামান সরকার, শেখ ফজলে নূর তাপস, শামীম হায়দার পাটোয়ারী ও গ্লোরিয়া ঝর্ণা সরকার বৈঠকে অংশ নেন।