দুদককে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান বিশিষ্টজনদের

চিহ্নিত দুর্নীতিবাজদের সাজা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা মনে করেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে দুর্নীতি কমছে না।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটি আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন মত দিয়েছেন। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে সামাজিক আন্দোলনের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে দুদক।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান। তিনি বলেন, দুদকের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তিকে আরও গ্রহণযোগ্য করতে এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কিছু মৌলিক বিষয়ে এখনই বিশ্লেষণ করা উচিত।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, দুর্নীতিপরায়ণদের সঙ্গে রাজনীতির যোগসাজশ আছে। তারা সেখান থেকে প্রশ্রয় পাচ্ছে। দুর্নীতির সঙ্গে রাজনীতির এ যোগসাজশ দুর্নীতি দুর করার ক্ষেত্রে বড় বাধা। দুর্নীতি দূর করার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক ব্যবস্থাই প্রধান মন্তব্য করে তিনি বলেন, এর পাশাপাশি দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা হলো একটি সহযোগিতামূলক ব্যবস্থা।
এই শিক্ষাবিদ অনেকটা আক্ষেপের সুরেই বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা নৈতিক বোধ তৈরিতে ব্যর্থ হয়েছে। মূল্যবোধসম্পন্ন মানুষ না হলে দুর্নীতি প্রতিরোধ করা কঠিন। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে—এর কোনো বিকল্প নেই। বিচারহীনতার সংস্কৃতি দুর করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছা একটি গুরুত্বপূর্ণ নিয়ামক বলে উল্লেখ করেন তিনি। দুদকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, চিহ্নিত দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার মাধ্যমে সবার কাছে এ বার্তা পৌঁছে দিতে হবে যে, দুর্নীতি করে পার পাওয়া যাবে না। এ জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তাহলে দুর্নীতিবাজদের দ্রুত শাস্তি নিশ্চিত হবে। তিনি আরও বলেন, রাজনীতি আর দুর্নীতি এখন সমার্থক। রাজনৈতিক দলগুলোর আশ্রয়-প্রশ্রয়ে দুর্নীতি আজ সর্বগ্রাসী। তাই আগে রাজনৈতিক দলগুলোকে সংস্কার ও দুর্নীতিমুক্ত করতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন দুর্নীতির রাজনীতিকরণের কথা। তাঁর মতে, দুর্নীতি যেমন সরকারি দলে আছে, তেমনি বিরোধী দলেও আছে। দুর্নীতি কমাতে হলে ওপরের দিক থেকে কাজ শুরু করার পরামর্শ দেন তিনি।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, এ দেশে দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের কদর বেশি। সাবেক সেনাশাসক এইচ এম এরশাদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, জনগণের আন্দোলনে তিনি ক্ষমতাচ্যুত হন। দুর্নীতির মামলায় কারাবরণ করেন। তাপরও বাংলাদেশের রাজনীতিতে তিনি এখনো প্রধান অনুঘটক। তিনিও বিচারহীনতার সংস্কৃতি দুর করতে চিহ্নিত দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার ওপর গুরুত্ব দেন।
দুদকের সদ্য সাবেক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, দুদকের স্বাধীনতার কথা শুধু মুখে বললে হবে না। স্বাধীনভাবে কাজ করতে হলে অন্যদের সহায়তা লাগবে। দুদক প্রতি বছর রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন জমা দেয়। কিন্তু সে প্রতিবেদন নিয়ে সংসদে কখনো আলোচনা হয়নি উল্লেখ করে তিনি বলেন, কেন জানি দুদক নিয়ে আলোচনা করতে তাঁদের অনীহা।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, সত্যিকার অর্থে এখন পর্যন্ত বড় দুর্নীতির বিরুদ্ধে দুদকের তেমন ভূমিকা নেই। দুদকের মামলায় বেশির ভাগ ক্ষেত্রে আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছে—এ সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, কমিশনের কর্মদক্ষতার অভাবে এটা হচ্ছে। জনসচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমে দুদকের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি সমালোচনা করে বলেন, দুদকের কাজ দুর্নীতি দমন, প্রতিরোধ নয়। প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম নাগরিক সংগঠনগুলোর ওপরই ছেড়ে দেওয়া উচিত। একই ধরনের মত দেন মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর। তিনি দুদক চেয়ারম্যানের কাছে প্রস্তাব করে বলেন, বছরে অন্তত একজনকে শাস্তি দেবেন—এ প্রতিজ্ঞা করুন নিজের সঙ্গে।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, আমরা দুর্নীতি প্রতিরোধের দিকে জোর দিচ্ছি। দুর্নীতি হয়ে গেলে লাভ নেই। এটা যাতে না হয়, এ জন্য প্রতিরোধমূলক কার্যক্রমে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, অনেকেই রুই কাতলাদের বিচারের কথা বলেছেন। কিন্তু আইনি কাঠামোর মধ্যে থাকলে জনশ্রুতি দিয়ে সব প্রমাণ করা যায় না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সাবেক প্রধান তথ্য কমিশনার মো. জমির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, বিজিএমই এর সভাপতি সিদ্দিকুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, কণ্ঠশিল্পী হায়দার হোসেন, মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ প্রমুখ।