দুদককে রিহ্যাবের পরামর্শ

দেশে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সমাজে আতঙ্ক সৃষ্টি না করে দুর্নীতির অর্থ অর্জনের পথ বন্ধে কাজ করার আহ্বান জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন।
রিহ্যাব সভাপতি বলেন, ‘দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টির জন্য দুদককে অন্যভাবে কাজ করতে হবে। কেবল চিঠি দিয়ে সমাজে আতঙ্ক সৃষ্টি করলে দেশের টাকা বিদেশে যাবে ও মানুষ টাকা লুকানোর কৌশল রপ্ত করবে। মূলত ডিজিটাল পদ্ধতি যত বেশি কার্যকর হবে তত দুর্নীতি এমনিতেই কমে যাবে।’ তিনি আরও বলেন, ‘দেশের টাকা দেশে বিনিয়োগ করার সুযোগ সৃষ্টির জন্য দুদকের কথিত চমক না দেখিয়ে দুদককে দুর্নীতিতে অর্থ অর্জনের পথগুলো বন্ধ করার কাজ করতে হবে। সরকারি অফিসের দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করতে হবে পদ্ধতি প্রয়োগ করে।’
রিহ্যাবের রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন। রাজধানীর একটি হোটেলে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি সাংসদ নূরুন্নবী চৌধুরী, সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, আবুল ফাত্তাহ মো. আহকাম উল্লাহ ইমাম খান, সরদার মো. আমিন, সোহেল রানা প্রমুখ।
দুদকের প্রসঙ্গে সাংবাদিকেরা পরে প্রশ্ন করলে সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, ‘বৈধ উপায়ে অর্জিত অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগ করার সুযোগ আছে। তবে দুদকের কিছু প্রশ্নের জন্য এটি ব্যবহৃত হচ্ছে না।’ এতে করে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
রিহ্যাব সভাপতি বলেন, ‘আমরা চাই না দুদকের কার্যক্রম বন্ধ হোক। তবে সবকিছু মাথায় রেখে দুদকের কাজ করা উচিত।’ তিনি আরও বলেন, দুদক থেকে প্রতিদিন গড়ে তিনটি করে চিঠি রিহ্যাবে আসে। চিঠিতে অমুক ভদ্রলোকের নামে ফ্ল্যাট বা প্লট আছে কিনা জানতে চাওয়া হয়। এতে করে বাজারে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা সৎ তারাও ফ্ল্যাট কেনার সাহস করেন না।
সমাজের কেউই শতভাগ সৎ নয় বলে দাবি করেন আলমগীর শামসুল আলামিন। তিনি বলেন, এক শ পারসেন্ট সৎ বলে এই বাজারে কেউ আছে কিনা আমার জানা নেই। তাই আমরা দুদকের সহযোগিতা চাই।
সংবাদ সম্মেলনে আগামী ২৫ বছরের স্বপ্নের কথা তুলে ধরে রিহ্যাব। সংগঠনের পক্ষে সহসভাপতি নূরুন্নবী চৌধুরী বলেন, আগামী ২৫ বছরের মধ্যে সব বড় শহরের ৯০ শতাংশ লোকই ফ্ল্যাট বাড়িতে থাকবেন। তত দিনে অন্তত ১০ লাখ ফ্ল্যাট তৈরি করে সরবরাহ করবে রিহ্যাব সভাপতি। এর একটি বড় অংশ তৈরি হবে পূর্বাচল স্যাটেলাইট সিটিতে।
২৫ বছর পূর্তি উপলক্ষে রিহ্যাব বেশ কিছু কর্মসূচি নিয়েছে বলে জানান সংগঠনের সভাপতি। তিনি জানান, কর্মসূচির মধ্যে থাকবে শোভাযাত্রা, বাউল গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মতবিনিময় সভা, সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ, গুণীজন সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। তবে এসব কবে হবে সেটি এখনো ঠিক হয়নি।