দক্ষতার সঙ্গে সাহায্য ব্যবহারে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী প্রাতিষ্ঠানিক সংস্কার কতটা অগ্রগতি হয়েছে, তা নিয়ে আগামী মাসে সরকারের সঙ্গে আলোচনায় বসছে উন্নয়ন সহযোগীরা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, উন্নয়ন ফোরামের বৈঠকের (বিডিএফ) পর সামগ্রিকভাবে দেশের উন্নয়ন পরিস্থিতির অগ্রগতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হবে। ইআরডিসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, উন্নয়ন সহযোগীদের সঙ্গে পর্যালোচনা বৈঠকটি আগামী মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। মূলত ফেব্রুয়ারির পর কী অগ্রগতি হয়েছে এবং আগামীতে কী কী পদক্ষেপ নিতে পারি, সে বিষয়েই আলোচনা হবে। মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, ইতিমধ্যেই উন্নয়ন সহযোগীরা সরকারের সঙ্গে মিলে যৌথ-সহায়তা কর্মকৌশল (জয়েন্ট কো-অপারেশন স্ট্যাটেজি-জেসিএস) তৈরি করেছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে উন্নয়ন-সহায়তা ব্যবস্থাপনার নীতি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একটি ধারণাপত্র তৈরি হয়েছে। এ বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হবে। উন্নয়ন সহযোগী ও সরকারের সমন্বয়ে গঠিত স্থানীয় পরামর্শক দলের (এলসিজি) যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান ক্রিস অস্টিন প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত যেভাবে এগোচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট।অস্টিন মনে করেন, উন্নয়ন ফোরামের বৈঠকে সময়সূচি উল্লেখ করে যে ধরনের অঙ্গীকার করা হয়েছিল, তাকে আমরা অগ্রগতি হিসেবেই বিবেচনা করছি। অস্টিন আরও বলেন, সরকার স্বচ্ছতার সঙ্গেই উন্নয়ন কাজ এগিয়ে নিচ্ছে, সেটাই আমরা দেখতে চাই। ফেব্রুয়ারির বৈঠকের পর বিভিন্ন ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে, তা আগামী মাসের বৈঠকে আমরা পর্যালোচনা করব। প্রাতিষ্ঠানিক সংস্কার কিংবা দুর্নীতি দূর করার ক্ষেত্রে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে অস্টিন মন্তব্য করতে অপারগতা জানান। উল্লেখ্য, বছরের শুরুতে দুর্নীতি দমন কমিশনের অধ্যাদেশ সংস্কারের উদ্যোগ নেওয়া হলে উন্নয়ন সহযোগীরা উদ্বেগ প্রকাশ করে। তাদের পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে ক্রিস অস্টিন অর্থমন্ত্রীকে চিঠি লেখেন। ওই চিঠিতে তিনি লেখেন, প্রস্তাবিত সংস্কারের ফলে প্রতিষ্ঠান হিসেবে দুদকের ক্ষমতা কমবে। ফলে দুর্নীতি রোধের ব্যাপারে সরকারের অঙ্গীকার পূরণ না-ও হতে পারে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইউরোপীয় কূটনীতিক বলেছেন, দুর্নীতি হ্রাস ও গণতান্ত্রিক বিভিন্ন প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে সন্তুষ্ট হওয়ার কারণ নেই। গুরুত্বপূর্ণ দুটি দেশের ওই দুই কূটনীতিক মনে করেন, দুদকের কাজ যে ভালোভাবে চলছে না, সেটি সংস্থার চেয়ারম্যানের হতাশাতেই স্পষ্ট। কাজেই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারের এ বিষয়টি এড়িয়ে যাওয়া ঠিক হবে না। অন্যদিকে, তৃণমূলে ক্ষমতার বিকেন্দ্রীকরণে বিশেষ করে উপজেলা চেয়ারম্যান ও সাংসদদের ক্ষমতার বিষয়ে দুই পক্ষের বৈরীতার বিষয়ে সরকারের অবস্থান স্বচ্ছ নয় বলে তাঁরা মন্তব্য করেন। গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে উন্নয়ন সহযোগীরা বলেছিলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, সংসদীয় স্থায়ী কমিটিসহ সব মৌলিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। নতুন সহায়তা ক্ষেত্র: নভেম্বরের পর্যালোচনা সভায় সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগীরা নতুন করে কিছু ক্ষেত্রে আর্থিক ও কারিগরি সহায়তা প্রস্তাব নিয়ে আলোচনা করবে। সাহায্যের টাকা কার্যকর ব্যবহারের বিষয়ে তারা দীর্ঘদিন ধরে তাগিদ দিচ্ছে। তাই তারা দুর্নীতি দূরের অংশ হিসেবে দুদককে শক্তিশালী দেখতে চায়। এ-প্রক্রিয়ার অংশ হিসেবে দুদককে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ডেনমার্ক। অন্যদিকে গণতন্ত্রকে শক্তিশালী করতে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে গড়ে তুলতে সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গণতন্ত্র বিকাশের অংশ হিসেবে জনগণের অবাধ তথ্য অধিকার নিশ্চিত করতে সহায়তা করতে চেয়েছে বিশ্ব ব্যাংক ও এডিবি।