দুদকে অভিযোগ অস্বীকার সেলিমা রহমানের
হলফনামায় মিথ্যা ঘোষণা দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।
আজ সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার উপপরিচালক জাহাঙ্গীর হোসেন সাবেক এই প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানায়, ছেলে জিয়াউল হাসানের নামে রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও সাবেক সংস্কৃতি-বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান হলফনামায় মিথ্যা ঘোষণা দিয়ে রাজউক থেকে প্লট নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
দুদকে দেওয়া লিখিত বক্তব্যে সেলিমা রহমান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ছেলে জিয়াউল হাসানের নামে রাজধানীতে যে প্লট রয়েছে, তা প্রবাসী কোটায় পাওয়া। এর সঙ্গে রাজউক থেকে তাঁর নিজের প্লট পাওয়ার কোনো যোগসূত্র নেই। মিথ্যা হলফনামা দেওয়ার যে অভিযোগ, তা ভিত্তিহীন বলে দাবি করেন সেলিমা রহমান।
হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে প্লট নেওয়ার অভিযোগ অনুসন্ধানে ৩ এপ্রিল বিএনপির এ নেত্রীকে তলব করে চিঠি দিয়েছিলেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা। সে অনুযায়ী আজ দুদকে হাজির হন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী।
চারদলীয় জোট সরকারের আমলে বিএনপির ৪৪ মন্ত্রী-এমপিসহ মোট ৫৪ জনের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে রাজধানীর বনানীতে ২০ বিঘা জমি প্লট আকারে বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে। ২০১৪ সাল থেকে ওই অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
এ অনুসন্ধানের ধারাবাহিকতায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা শহীদুল ইসলামের বিরুদ্ধে গত বছরের ২৬ নভেম্বর মামলা করেছিল দুদক।
একই অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মুন্সিগঞ্জের সাবেক সাংসদ আবদুল হাইকেও তলব করেছে দুদক। তাঁকে আগামীকাল বুধবার দুদকে হাজির হতে বলা হয়েছে। আবদুল হাইয়ের বিরুদ্ধে অভিযোগ, স্ত্রী জামিলা খাতুনের নামে রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও তা গোপন করে রাজউক থেকে প্লট নিয়েছেন।