দুদকে এলজিইডির ৩ বছরের নথিপত্র তলব
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুর্নীতি অনুসন্ধানে তাদের বিভিন্ন প্রকল্পের গত তিন বছরের সব নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক ও প্রাতিষ্ঠানিক অনুসন্ধান দলের প্রধান মাহবুবুল আলম।
দুদক সূত্র জানিয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি উদঘাটন ও প্রতিরোধের জন্য বেশ কয়েকটি প্রাতিষ্ঠানিক দল গঠন করেছে রাষ্ট্রীয় দুর্নীতি দমন সংস্থাটি। দেশের বিভিন্ন খাতে এসব দল অনুসন্ধান ও তদন্ত করছে।
চিঠিতে এলজিইডির উপজেলা ও ইউনিয়ন সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ এবং পুনর্নির্মাণ প্রকল্পে গত তিন বছরে নেওয়া বিভিন্ন প্রকল্প সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। তিন বছরে নেওয়া প্রকল্পগুলোর নাম এবং প্রাক্কলিত মূল্য, বরাদ্দ অর্থের পরিমাণ, শেষ হওয়া কাজের পরিমাণ, পরিশোধিত বিলের পরিমাণ, সংশোধিত বা আবারও বরাদ্দ করা প্রকল্প ব্যয়ের পরিমাণসহ সব তথ্য দুদকে পাঠাতে অনুরোধ করা হয়েছে।
২৯ মার্চের মধ্যে এসব তথ্য দুদকে পাঠানোর জন্য চিঠিতে বলা হয়।