সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা থেকে হল-মার্কসহ ছয়টি প্রতিষ্ঠানের আত্মসাৎ করা অর্থের বিষয়ে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) সম্পৃক্ততা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে ব্যাংকটির পাঁচ শাখার ১৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।নোটিশে ২৭ জানুয়ারি সাত কর্মকর্তাকে, ২৮ জানুয়ারি ছয় কর্মকর্তাকে এবং ২৯ জানুয়ারি ছয় কর্মকর্তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।গত বৃহস্পতিবার ও গতকাল রোববার দুই দিনে দুই দফায় দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক ও হল-মার্ক মামলার তদন্তপ্রধান মীর মো. জয়নুল আবদীনের সই করা নোটিশ এসআইবিএলের ওই ১৯ কর্মকর্তার নিজ নিজ শাখায় পাঠানো হয়েছে।দুদক সূত্র জানায়, সোস্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে বিলের (নন-ফান্ডেড) পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। এ কাজে ব্যাংকের দনিয়া, রসুলপুর, নারায়ণগঞ্জ, বংশাল ও বনানী শাখার সম্পৃক্ততা রয়েছে বলে দুদকের তদন্তে প্রমাণ মিলেছে।হল-মার্ক গ্রুপসহ ছয়টি প্রতিষ্ঠানকে ঋণ পেতে সহযোগিতা করেন এসআইবিএলসহ ৩০টি ব্যাংকের কর্মকর্তারা। ঋণপত্রের বিপরীতে পণ্য সরবরাহকারী বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নেয় এসব প্রতিষ্ঠান।গত বছরের ৪ অক্টোবর অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক, হল-মার্কসহ ২৭ কর্মকর্তার বিরুদ্ধে ১১টি করে মামলা করে দুদক। আর গত ১ জানুয়ারি প্রায় ৩৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে ২৬টি মামলা করে দুদক।