দুদকে গেলেন সাংসদ গোলাম মাওলা রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে খাসজমিতে বাড়ি তৈরি, টেন্ডারের ‘পার্সেন্টেজ’ আদায় এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগসহ কয়েকটি বিষয় অনুসন্ধান করছে দুদক।গোলাম মাওলা রনি গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় অবস্থিত দুদকের কার্যালয়ে যান। তিনি সংস্থাটির অনুসন্ধান ও তদন্ত বিভাগের মহাপরিচালক এম এইচ সালাউদ্দিনের কক্ষে প্রায় দুই ঘণ্টা সময় কাটান। তবে দুদক ভবনে প্রবেশ ও বের হওয়ার সময় কারও সঙ্গে কথা বলেননি তিনি।পরে প্রথম আলো মুঠোফোনে যোগাযোগ করলে সাংসদ গোলাম মাওলা রনি বলেন, ‘এলাকার দুদক সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তা আমার বিরুদ্ধে একটি অনুসন্ধান করছেন। এ বিষয়ে আলাপ করতে গিয়েছিলাম।’দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র প্রথম আলোকে জানিয়েছেন, রনির বিরুদ্ধে টেন্ডারবাজি ও অবৈধ সম্পদের অভিযোগের বিষয় তদন্ত করছে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় (সজেকা)। তদন্তের স্বার্থে ইতিমধ্যে রনি ও তাঁর স্ত্রী মোসাম্মৎ কামরুন্নাহার রুনুর নামে যেসব শেয়ার কেনা হয়েছে, সেসবের তথ্য এবং বর্তমানে তাঁর বিও হিসাবে কোন প্রতিষ্ঠানের কী সংখ্যক ও কত দামের শেয়ার রয়েছে, তা জানতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চিঠি পাঠিয়েছেন পটুয়াখালী সজেকার উপপরিচালক মো. আহসান আলী। (চিঠির স্মারক নম্বর-দুদক/সজেকা/পটুয়াখালী/২০১২/৮৫১)। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এসইসি রনির শেয়ার, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড, বন্ড বা অন্য কোনো ধরনের সিকিউরিটিজ থাকলে সে সম্পর্কে তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।দুদক সূত্র বলেছে, নির্বাচনী অঙ্গীকারনামায় সম্পদ বিবরণীতে অন্যান্য সম্পদের সঙ্গে রনির নামে নয় কোটি টাকার এবং তাঁর স্ত্রীর এক কোটি টাকার শেয়ার থাকার কথা উল্লেখ রয়েছে।