দুদকে তথ্য অবমুক্তকরণ নীতিমালা অনুমোদন
তথ্য অবমুক্তকরণ নীতিমালা ২০১১-এর অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নীতিমালা অনুযায়ী কমিশনের যাবতীয় কার্যক্রম এখন থেকে নিয়মিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে অবহিত করা হবে। গতকাল মঙ্গলবার বিকেলে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কমিশনের এক সভায় নীতিমালাটি অনুমোদন করা হয়।কমিশন সূত্র জানায়, চলতি জুন মাস থেকেই তথ্য অবমুক্তকরণ নীতিমালা কার্যকর হবে। প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার কমিশনের নিজস্ব কার্যালয়ে সম্মেলন করে নীতিমালা অনুযায়ী কার্যক্রম সম্পর্কে সবাইকে জানানো হবে। নিয়মিত এসব সংবাদ সম্মেলন অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের সাবেক সহকারী মহাপরিচালক (এআইজি) ও বর্তমানে দুদকের মহাপরিচালক (প্রশাসন) ফররুখ আহমদকে। গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার মো. সাহাবুদ্দিন, এম বদিউজ্জামান, মো. ফয়জুর রহমান চৌধুরী প্রমুখ। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান জানান, প্রতিষ্ঠানটির কার্যক্রমে স্বচ্ছতা আনতেই উদ্যোগটি নেওয়া হয়েছে।