দুদকে দুই সাব-রেজিস্ট্রারের রেকর্ডপত্র তলব
নামে-বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও জালিয়াতির মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগ অনুসন্ধানে সিলেটের ছাতকের সাব-রেজিস্ট্রার মো. শাহনেওয়াজ খান এবং কক্সবাজার সদরের সাবরেজিস্ট্রার মোতাহার হোসেন চৌধুরীর রেকর্ডপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম রেকর্ডপত্র তলব করেন। নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক বরাবর পাঠানো চিঠিতে তাদের সার্ভিস রেকর্ড, নিয়োগপত্র, আত্মীকরণ, পদায়ন, বেতন-ভাতা, পার্সোনাল ডাটাশিট (পিডিএস), ২০০৯ সালে আইন মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন এবং চাকরি সংশ্লিষ্ট রেকর্ডপত্র চাওয়া হয়েছে। এসব রেকর্ডপত্র দ্রুত সরবরাহ করতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, গত ১৯ এপ্রিল দুদক অবৈধ সম্পদ অর্জন ও জালিয়াতির মাধ্যমে চাকরি গ্রহণ করার অভিযোগে ৭ জন সাবরেজিস্ট্রারের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। তাঁরা হলেন, সুনামগঞ্জ, ছাতকের মো. শাহনেওয়াজ খান, কক্সবাজার সদরের মোতাহার হোসেন চৌধুরী, নরসিংদী সদরের আব্দুর রহিম, দিনাজপুর সদরের আ ন ম বজলুর রহমান মন্ডল, কেরাণীগঞ্জের রাফিউল ইসলাম মিলন, দিনাজপুর চিরির বন্দরের মজিবুর রহমান এবং রংপুর সদরের মো. আমজাদ হোসেন।
দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ এর পরিচালক উইং কমান্ডার তাহিদুল ইসলাম অনুসন্ধানটি তদারক করছেন।