দুদকে নতুন কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মোজাম্মেল হক খান
মো. মোজাম্মেল হক খান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান। আজ সোমবার সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

গতকাল রোববার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ মো. মোজাম্মেল হককে পাঁচ বছরের জন্য এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। গত ২৬ জুন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর থেকে এ পদটি শূন্য ছিল।

মোজাম্মেল হক খান ১৯৫৯ সালের ৩ নভেম্বর মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতক (সম্মান ) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী মোজাম্মেল মিসরের সিডিসি থেকে এসডি (পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) ডিগ্রি লাভ করেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৮২ সালের বিসিএস ক্যাডার (প্রশাসন) সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। চাকরিজীবনে মাঠপ্রশাসনে ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে সরকারের সচিব হিসেবে পদোন্নতি পেয়ে পর্যায়ক্রমে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, সড়ক ও রেলপথ বিভাগ এবং আইএমইডি বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে কর্মরত থাকা অবস্থায় সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৬ সালের ১১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

পেশাগত জীবনের বাইরে তিনি বিভিন্ন সামাজিক সংস্থার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার। পাশাপাশি তিনি জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি।