দুদকে নতুন নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন নেতৃত্ব এসেছে। নিয়োগ দেওয়া হয়েছে নতুন চেয়ারম্যান ও একজন কমিশনার। বর্তমান চেয়ারম্যান মো. বদিউজ্জামান ও কমিশনার মো. সাহাবুদ্দিনের মেয়াদ শেষ হচ্ছে ১৩ মার্চ। এরপরই তাঁরা দায়িত্ব নেবেন।
সাবেক জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ গতকাল বৃহস্পতিবার সকালে দুদকের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়ে বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছে যোগদানপত্র জমা দেন। নতুন দায়িত্ব প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে আপাতত কোনো কথা বলতে রাজি হননি ইকবাল মাহমুদ।
অপর দিকে কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ এ এফ এম আমিনুল ইসলাম। তবে আমিনুল ইসলাম এখনো যোগদানপত্র জমা দেননি বলে জানা গেছে।
বর্তমানে দুদকের আরেক কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন নাসিরউদ্দিন আহমেদ। নতুন নিয়োগের মধ্য দিয়ে দুদকের তিন সদস্যের কমিশন পুনর্গঠিত হলো।
ওই দুই পদে নিয়োগের জন্য গত ২ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ কমিটি ‘বাছাই’ শেষে দুদকে নিয়োগের উপযোগী চারজনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে। সেখান থেকে এ দুজনকে নিয়োগ দেওয়া হয়।
বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন শেষে অবসরোত্তর ছুটি ভোগরত অবস্থায় গত বছরের আগস্টে ইকবাল মাহমুদকে বিটিআরসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এক মাস পর বাতিল করা হয় সেই নিয়োগ। ইকবাল মাহমুদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।