দুদকে নতুন সাংগঠনিক কাঠামো অনুমোদন
গোপনীয়তার মধ্য দিয়ে পরিচালক পদে পাঁচ কর্মকর্তাসহ চারটি পদে মোট ৪৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ে দিনব্যাপী সভায় এ পদোন্নতির সিদ্ধান্ত নেয় কমিশন। এ ছাড়া কমিশনের কাজকে আরও গতিশীল করতে নতুন সাংগঠনিক কাঠামোর নীতিগত অনুমোদন দেওয়া হয়।
নতুন সাংগঠনিক কাঠামোর অনুমোদনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সংস্থাটির কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন। তবে কমিশনের বৈঠকে পদোন্নতির সিদ্ধান্ত চূড়ান্ত হলেও চেয়ারম্যান, কমিশনারসহ কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। কমিশনের সভায় উপস্থিত দুজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, পরিচালক পদে ৫ জন, উপপরিচালক পদে ৭ জন, সহকারী পরিচালক পদে ২৩ জন, উপসহকারী পরিচালক পদে ১২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। জানা গেছে, পদোন্নতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ থাকার কারণে বিকেলে কমিশন সভা শেষ হলেও পদোন্নতি পাওয়াদের নামের তালিকা প্রকাশ করা হয়নি।
নতুন সাংগঠনিক কাঠামো: কমিশনার মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে জানান, নতুন কাঠামো অনুযায়ী ৬৪টি জেলা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকাকে আলাদা করে মোট ৬৬টি অঞ্চলে বিভক্ত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে মোট ৬৬টি কার্যালয়ের মাধ্যমে দুদকের কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক, কোর্ট পরিদর্শক ও প্রশাসনিক কর্মকর্তার পদের সংখ্যাও বাড়ানোর প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।
দুদক সূত্র জানায়, দুদকের বর্তমান সাংগঠনিক কাঠামোতে ৬টি বিভাগীয় কার্যালয় এবং ২২টি সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) রয়েছে। ৬৪টি জেলার কার্যক্রম পরিচালনা করতে হয় ২২টি সজেকা থেকে। স্থায়ী জনবল বাড়ানোর জন্য মহাপরিচালক আবু মো. মোস্তফা কামালকে নতুন সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম তৈরির দায়িত্ব দেওয়া হয়। তাঁর প্রস্তাব বিবেচনা করে কমিশন নতুন সাংগঠনিক কাঠামোর নীতিগত অনুমোদন দেয়। বৈঠকে মহাপরিচালক পদে ৬ জনের পরিবর্তে ৮ জন, পরিচালক পদে ১৯ থেকে ২৬ জনের প্রস্তাব অনুমোদন করা হয়। একই সঙ্গে নতুন কাঠামোতে একজন করে মেডিকেল অফিসার, নার্স, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারী এবং দুজন যানবাহন ক্লিনারের পদ তৈরির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।
১৯৪৪ সালে ব্রিটিশ সরকার সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বন্ধে পুলিশ বিভাগের অধীনে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট চালু করে। ১৯৫৭ সালের দুর্নীতি দমন ব্যুরো গঠিত হয়। ২০০৪ সালের ২১ নভেম্বর ব্যুরো বিলুপ্ত করে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়।